১৯তম
এশিয়ান গেমসে পদকজয়ী বাংলাদেশ পুরুষ ও মহিলা ক্রিকেট দলকে আজ রোববার সেনাসদরে
সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ও
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ,
পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের
পক্ষ থেকে পদকজয়ী পুরুষ ও মহিলা ক্রিকেট দলকে ৩০ লাখ টাকার চেক এবং অফিসিয়ালদের
জন্য ৬ লাখ টাকার চেক সম্মাননা পুরস্কার হিসেবে প্রদান করেন।
গত
২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চীনের হ্যাংজু শহরে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান
গেমসে পুরুষ ও মহিলা ক্রিকেট দল ব্রোঞ্জ পদক অর্জন করে জাতীয় ও আন্তর্জাতিক
পরিমণ্ডলে অভূতপূর্ব সাফল্য অর্জনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
সেনাপ্রধানের এই সম্মাননা প্রদান দেশের কৃতিমান খেলোয়াড়দের উৎসাহ ও উদীয়মান
খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে
সেনাবাহিনীর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান
নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অফিসিয়াল এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।—আইএসপিআর










