আগামী ১৭ ডিসেম্বর ডুনেডিনে
প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। তার আগে আজ প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে
২৬ রানে হারাল টাইগাররা। আগে ব্যাটিং করে রিশাদ হোসেনের ৮৭ ও সৌম্য সরকারের ৫৯ রানে
ভর করে ৪৯.৫ ওভারে ৩৩৪ রান তোলে বাংলাদেশ। জবাবে স্বাগতিকরা ৪৯.২ ওভারে ৩০৮ রান তুলে
গুটিয়ে যায়।
ব্যাট-বলে উজ্জ্বল ২১
বছর বয়সী রিশাদ। তিনি মূলত লেগস্পিনার হলেও আজ ব্যাট হাতেও দুর্দান্ত পারফর্ম করেন।
মাত্র ৫৪ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় ৮৭ রান করেন তিনি। পরে বল হাতে ৫২ রানে ৩ উইকেট
নেন। এছাড়া আফিফ হোসেন ১৮ রানে নেন ২ উইকেট।
রিশাদ ছাড়াও সৌম্য ৭১
বলে ৫৯, তানজিদ হাসান তামিম ৪৬ বলে ৫৮ রান ও লিটন দাস ৬৩ বলে ৫৫ রান করেন। সম্রাট সিং
৭৩ বলে ৪ উইকেট নেন।
জবাব দিতে নেমে অধিনায়ক
ভারত পোপিল ৯০ বলে ৯২ রানের ঝলমলে ইনিংস খেলেও জেতাতে পারেননি নিউজিল্যান্ড একাদশকে।
এছাড়া সন্দিপ প্যাটেল করেন ৭৭ বলে ৮৯ রান।
রোববার বাংলাদেশ সময় ভোর
৪টায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামবে নাজমুল হোসেনের দল। বুধবার নেলসনে
দ্বিতীয় ও ২৩ ডিসেম্বর নেপিয়ারে তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর তিন ম্যাচের টি২০ সিরিজে
লড়বে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৯.৫ ওভারে
৩৩৪
নিউজিল্যান্ড একাদশ: ৪৯.২
ওভারে ৩০৮
ফল: বাংলাদেশ ২৬ রানে
জয়ী










