স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নাম লেখালে ফরাসি সেন্টার ব্যাক রাফায়েল ভারানে। গতকাল চার বছরের চুক্তিতে তিনি রেড ডেভিলদের দলে যোগ দিয়েছেন।
ভারানেকে কিনতে ম্যানইউর খরচ পড়েছে ৩৪ মিলিয়ন পাউন্ড, যা পরে বৃদ্ধি পেয়ে ৪২ মিলিয়ন পাউন্ড হতে পারে।
২৮ বছর বয়সী ভারানে রিয়ালের হয়ে তিনটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। মাদ্রিদ জায়ান্টদের হয়ে খেলেছেন ১০ বছর।
বিশ্বকাপজয়ী ভারানে নতুন ক্লাবে যোগ দেয়া নিয়ে বলেন, বিশ্ব ফুটবলের অন্যতম আইকনিক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এখানে আসতে পারা ও প্রিমিয়ার লিগে খেলার সুযোগ আমি ফিরিয়ে দিতে পারিনি। ক্যারিয়ারে এখনো অনেক কিছু অর্জনের বাকি আছে আমার। আমি জানি, এই স্কোয়াডটিতে অনেক খ্যাতিমান খেলোয়াড় রয়েছেন যারা আমার মতোই ম্যাচ আর ট্রফি জিততে মরিয়া।
ফরাসি ক্লাব লেনসের হয়ে ক্যারিয়ার শুরু করা ভারানে রিয়ালের হয়ে খেলেছেন ৩৬০ ম্যাচ। ফ্রান্স জাতীয় দলের হয়ে ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছেন, এ বছর ইউরো চ্যাম্পিয়নশিপে ফ্রান্সের চারটি ম্যাচেই খেলেছেন। লা ব্লুজরা শেষ ১৬ রাউন্ডে বিদায় নেয়।










