মারাকানায়
বুধবার ভোরে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার কাছে হেরেছে ব্রাজিল। সেই ক্ষত না শুকাতেই
এবার চিরপ্রতিদ্বন্দ্বী দেশটির কাছে হারল ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দল। আজ ইন্দোনেশিয়ার
জাকার্তায় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ম্যাচে ক্লদিও এচেভেরির হ্যাটট্রিকে ভর দিয়ে
ব্রাজিলকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। এই জয়ে তারা উঠে যায় সেমিফাইনালে। শেষ চারে
তাদের প্রতিপক্ষ জার্মানি।
১৭
বছর বয়সী এচেভেরির জাদুকরি পারফরম্যান্সের কোনো জবাব যেন ছিল না বর্তমান চ্যাম্পিয়ন
ব্রাজিলের কাছে। বুয়েন্স আয়ার্সের রিভার প্লেটের হয়ে খেলা এচেভেরি ২৮ মিনিটে একক
নৈপুন্যে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। ব্রাজিলের একাধিক খেলোয়াড়কে ড্রিবলিংয়ে
পরাস্ত করার পর গোলমুখে শট নেন তিনি। তার শটে বলটি ব্রাজিলের এক খেলোয়াড়ের গায়ে লেগে
দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়।
৫৯
মিনিটে তিনি ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের বাইরে বল পাওয়ার পর ব্রাজিলের একাধিক খেলোয়াড়ের
চ্যালেঞ্জ উতড়ে তিনি দূরূহ কোন থেকে শট নিয়ে গোল করেন। ৭৩ মিনিটে তিনি হ্যাটট্রিক
পূর্ণ করার পাশাপাশি দলের জয় সুনিশ্চিত করেন। দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে
গোলটি করেন এচেভেরি।
আজ
আরেক কোয়ার্টার ফাইনালে স্পেনকে ১-০ গোলে হারায় জার্মানি। ২৮ নভেম্বর সুরাকার্তায়
মুখোমুখি হবে আর্জেন্টিনা ও জার্মানি। ২ ডিসেম্বর আসরের ফাইনাল।
আর্জেন্টিনা
কখনই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জেতেনি। এবার এচেভেরিতে আশা জেগেছে লিওনেল মেসির দেশের
যুবাদের। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে নাইজেরিয়া, ব্রাজিল
জিতেছে চারবার।










