বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল ছিল হৃদয়বিদারক একটি দিন। ম্যাচের আগ মুহূর্তে হার্ট অ্যাটাকের শিকার হন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। ম্যাচ শুরু হলে আসে তার মৃত্যুর খবর। এতে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নেমে আসে শোকের ছায়া। এ শোককে শক্তিতে পরিণত করে প্রথম ম্যাচেই জিতল ঢাকা। তারা ৫ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্সকে।

গতকাল টানা দ্বিতীয় দিনের মতো মাঠে নেমে হেরেছে রাজশাহী। ঢাকার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩২ রান তুলতে সমর্থ হয় শান্তর দল। প্রথম বলেই পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহানকে হারায় রাজশাহী। সেই ধাক্কা আর সামলে ওঠা হয়নি। তানজিদ হাসানকে নিয়ে ৩৯ ও ইয়াসির আলীকে নিয়ে ৩০ রানের দুটি জুটি গড়লেও দলের বড় সংগ্রহ নিশ্চিত করতে পারেননি অধিনায়ক শান্ত। পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম ১৬ রানে ৩ উইকেট নেন। এছাড়া নাসির হোসেন ৩২ রানে নেন ২টি উইকেট। শান্ত ২৮ বলে ৩৭ রান করেন, আর মোহাম্মদ নওয়াজ করেন ২৬ বলে ২৬ রান।

জবাব দিতে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৩ রান তুলতে সমর্থ হয় ঢাকা। এরপর আব্দুল্লাহ আল মামুন (৪৫), সাব্বির রহমান (১০ বলে ২১*), নাসির হোসেন (১৯ বলে ২২) ও শামীম হোসেনের (১৩ বলে ১৭) ব্যাটে ভর করে জয় নিশ্চিত করে ঢাকা ক্যাপিটালস।

শুক্রবার রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হার দিয়ে এবারের মিশন শুরু করা সিলেট টাইটানস দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল। আগে ব্যাটিংয়ে নেমে সিলেটকে ১৪৪ রান টার্গেট ছুড়ে দেয় নোয়াখালী। দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও মাজ সাদাকাত শূন্য রানে বিদায় নেয়ার পর মাহিদুল ইসলাম অঙ্কন (৫১ বলে ৬১*), জাকের আলী (১৭ বলে ২৯) ও সৈকত আলীর (২৯ বলে ২৪) ব্যাটে ভর করে ১৪৩ রানের পুঁজি পায় নোয়াখালী। সিলেটের খালেদ আহমেদ ২৩ রানে ৪টি ও সাইম আইয়ুব ২৫ রানে ২টি উইকেট নেন। জবাব দিতে নেমে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বসে সিলেট। সেখান থেকে পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজ ৬৬ বলে ৮৩ রানের জুটি গড়ে দলকে রেসে রাখেন। ইমনকে (৪১ বলে ৬০) বোল্ড করে এ জুটি ভাঙেন আফগান স্পিনার জাকির খান। এরপর মাত্র ৮ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বসে সিলেট (১২৫/৮)। বিপদের সময় ইংলিশ ক্রিকেটার ইথান ব্রুকস ১৩ বলে ১৬ রান করে দলের সংগ্রহ ১৪২-এ নিয়ে আউট হয়ে যান। ১ উইকেট হাতে নিয়ে শেষ বলে ২ রানের প্রয়োজন পড়ে সিলেটের। সাব্বির হোসেন একটি ‘ওয়াইড’ দেয়ায় প্রয়োজন পড়ে ১ রান। শেষ বলে ‘লেগ বাই’ থেকে জয়সূচক রান তুলে নেয় সিলেট।