এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই ইন্টার মায়ামির জয় উদযাপন করলেন লিওনেল মেসি এবং এ জয়ে তার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। গত বৃহস্পতিবার ভোরে তারকাখচিত দল নিয়ে লিগ কাপের ম্যাচে অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়ে দেয় ইন্টার মায়ামি। আর্জেন্টিনা দলে প্রিয় সতীর্থ রদ্রিগো ডি পলের অভিষেক ম্যাচে দুটি গোলেই অ্যাসিস্ট করে তাকে জয় উপহার দেন মেসি।

অভিষেক ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন ডি পল এবং নিজের স্বভাবসুলভ খেলাটাই খেলেছেন। তিনি মধ্যমাঠ দাপিয়ে বেড়ান আর ফরওয়ার্ডে মেসিদের নিয়মিত বল সরবরাহ করে গেছেন। যুক্তরাষ্ট্রের মাঠও তার অপরিচিত নয়। সম্প্রতি অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপ খেলেছেন যুক্তরাষ্ট্রের মাঠে। এবার মেসির সঙ্গে তার যুগলবন্দির সূচনা হলো মায়ামিতে। মেসির সঙ্গে তার রসায়নটা অবশ্য নতুন নয়। কাঁধে কাঁধ মিলিয়ে ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা জিতেছেন তারা। মাঠে ও মাঠের বাইরে মেসির পাশেই থাকেন তিনি সবসময়। এজন্য ডি পলকে বলা হয় মেসির ‘বডিগার্ড’। এবার দুই ‘বন্ধু’ যুক্ত হয়েছেন ইন্টার মায়ামিতে।

যোগ করা সময়ের একেবারে শেষ দিকে মার্সেলো ভাইগ্যান্টের গোলটি তৈরি করে দেন মেসি। অফসাইডের কারণ দেখিয়ে গোলটি প্রথমে বাতিল করা হলেও পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এটিকে বৈধ গোল হিসেবে রায় দেয়। এর আগে ৫৭ মিনিটে তেলাসকো সেগোভিয়ার গোলে লিড নেয় মায়ামি। ৮০ মিনিটে রিভালদো লেজানো সেই গোল পরিশোধ করে দেন। যদিও মেসি ছিলেন বলে শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নেয় ইন্টার মায়ামি।

অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলার পর মাঠে নামা হয়নি ডি পলের। তবু ইন্টার মায়ামির হয়ে অভিষেক ম্যাচে তিনি দারুণ করেন। এ নিয়ে মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানো বলেন, ‘সে মাসখানেক আগে সর্বশেষ ম্যাচ খেলেছে। এর পরও মায়ামিতে তার প্রথম ম্যাচের পারফরম্যান্স দারুণ ছিল। সে কিন্তু আমাদের সঙ্গে খুব বেশি সময় অনুশীলন করেনি। এর পরও শেষ মিনিট পর্যন্ত যেভাবে খেলেছে, পারফর্ম করেছে তা অবিশ্বাস্য। আমাদের এমন ধরনের খেলোয়াড়ই প্রয়োজন ছিল।’

এ ম্যাচের আগে ইন্টার মায়ামির হয়ে আনুষ্ঠানিকভাবে দলের সঙ্গে অনুশীলন করেননি ডি পল। যদিও মাশচেরানো জানান, ফিটনেস ধরে রাখতে আলাদাভাবে ও ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করে গেছেন ডি পল।

ইন্টার মায়ামির কোচ আরো বলেন, ‘মাঠে তার কর্মস্পৃহার কথা সবারই জানা। আমরা তাকে বলেছি, তুমি যা সেটাই থাকার চেষ্টা করো এবং নিজের কাজটি করে যাও। তার অভিষেকে অভিনন্দন জানাই। সে প্রথম ম্যাচে যে পারফর্ম করেছে তাতে আমি অনেক অনেক খুশি।’

ডি পলকে নিয়ে মাশচেরানো বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন ও আর্জেন্টিনা জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ডি পল তার সেরা সময়ে ইন্টার মায়ামিতে যুক্ত হয়ে আমাদের দলের শক্তি বাড়িয়েছে। মাঠে ও মাঠের বাইরে আমাদের খেলোয়াড়দের সঙ্গে তার রয়েছে দারুণ যোগাযোগ। লিওর (মেসি) সঙ্গে খেলা কিংবা লিওকে জানার মতো সুযোগ যার হয় সেই খেলোয়াড়ের কাছ থেকে আমরা সুবিধা পাবই। মেসি ও ডি পলের সম্পর্কটা একটু আলাদা, ফলে আমরা এ থেকে সুবিধা নিতে পারব।’

ডি পলের ইন্টার মায়ামিতে যোগ দেয়া নিয়ে মেসি বলেন, ‘হ্যাঁ, আমরা একে অন্যকে ভালো করে জানি। আমরা একত্রে অনেক ম্যাচ খেলেছি, যা ইন্টার মায়ামির স্কোয়াডেও ইতিবাচক প্রভাব ফেলবে। অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে এসেছি।’

ইন্টার মায়ামির উরুগুইয়ান ফরওয়ার্ড লুইস সুয়ারেজের সঙ্গেও খেলার অভিজ্ঞতা রয়েছে ডি পলের। ২০২১-২২ মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদে একসঙ্গে খেলেছেন ডি পল ও সুয়ারেজ। এবার দুজন ইন্টার মায়ামিতে সতীর্থ।