এ যেন রিয়াল মাদ্রিদের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর ফিরে আসা! সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে রোববার রাতে স্প্যানিশ সুপার কাপ ম্যাচে হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদকে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় এনে দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়র। কাতালানদের জালে একের পর এক বল পাঠিয়ে তিনি রোনালদোর ট্রেডমার্ক উদযাপন করেছেন। মনে করিয়ে দিয়েছেন রিয়ালের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদোকে।

 

এই উদযাপন স্যান্টিয়াগো বার্নাব্যুতে আবিষ্কার করলেও এখন তা সৌদি আরবে নিয়ে গেছেন রোনালদো। তিনি যে এখন খেলেন সৌদি ক্লাব আল নাসেরে! এবার তার মতোই উদযাপন করলেন ভিনি, ঠিক রোনালদোর মতোই তিনিও পরেন ৭ নম্বর জার্সি। রিয়াদের ফুটবল অনুরাগীরা তুমুল হর্ষধ্বনিতে ভিনির এই উদযাপন উপভোগ করেন।

 


জয় শেষে ভিনি বলেন. ‘এই উদযাপন রোনালদোকে উৎসর্গ করছি, কারণ তিনি আমার আইডল এবং বর্তমানে তিনি এখানেই খেলেন।’

 

ম্যাচের সপ্তম ও দশম মিনিটে পরপর দুই গোল করে বার্সাকে বিধ্বস্ত করেন ভিনিসিয়ুস। প্রথম গোলটি করেন জুড বেলিংহামের পাসে, পরেরটির উৎস তার ব্রাজিল সতীর্থ রদ্রিগো। এছাড়া ৩৯ মিনিটে পেনাল্টি থেকে আরেক গোল করলে হ্যাটট্রিক পূর্ণ হয় ভিনির। ৬৪ মিনিটে রদ্রিগো শেষ পেরেক ঠুকে দেন বার্সার কফিনে।

 

বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি ৩৩ মিনিটে এক গোল পরিশোধ করলেও পরে ভিনি ও রদ্রিগোর গোলে বড় জয় নিশ্চিত হয় রিয়ালের।  

 

চলতি মৌসুমে লা লিগায় প্রথম দেখায় জিতেছে রিয়াল। গত ২৮ অক্টোবর বার্সার মাঠে ২-১ গোলের জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল। এবার কাতালানদের হারিয়ে স্প্যানিশ কাপের ১৩তম শিরোপা জিতল মাদ্রিদ জায়ান্টরা। সর্বোচ্চ ১৪টি শিরোপা জিতেছে বার্সেলোনা।

 

চিরাচরিতভাবে এটি ছিল লা লিগা ও কোপা ডেল রে কাপের চ্যাম্পিয়ন দলের লড়াই। যদিও ২০১৯-২০ মৌসুম থেকে স্প্যানিশ সুপার কাপে দল বাড়িয়ে চারটি করা হয়েছে। এখন লা লিগা ও কোপা ডেল রের দুই চ্যাম্পিয়ন ও দুই রানার্সআপ মোকাবেলা করে সুপার কাপে। সৌদিতে ১০ জানুয়ারি প্রথম সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ৫-৩ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে ও পরদিন দ্বিতীয় সেমিফাইনালে বার্সেলোনা ২-০ গোলে ওসাসুনাকে হারিয়ে ফাইনালে ওঠে।