সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল প্লেয়ার অব দ্য ম্যাচ ও প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের স্বীকৃতি পেয়েছেন আশিকুর রহমান শিবলি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের প্রথম বর্ষের এ শিক্ষার্থীর চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে সম্প্রতি। কিন্তু পরীক্ষা দিতে আসেননি শিবলি। এ অনুপস্থিতি ঘিরে গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এ ক্রিকেটার।

বলা হচ্ছে, ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশের নিচে থাকায় শিবলিকে প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নিতে দেয়া হয়নি।

এমন গুঞ্জনের ‘সত্যতা কতটুকু’ জানতে চাইলে বণিক বার্তাকে শিবলি বলেন, ‘না, না। এটা আমারই ডিসিশন ছিল যে এ বছর পরীক্ষা দেব না। বিভাগের সভাপতি ও পরীক্ষা কমিটির সভাপতি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, এ বছর পরীক্ষা দিতে চাই কিনা। আমি নিজেই থেকেই বলেছিলাম আগামী বছর পরীক্ষা দেব।’"

বিভাগের সভাপতিসহ অন্যান্য সূত্রগুলো পরীক্ষায় অংশ না নেয়ার বিষয়ে শিবলি সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।