পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে দক্ষিণ
আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ৩ উইকেটে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিল বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ দল। আজ সোমবার রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে
ব্যাটিং করে প্রোটিয়া যুবারা ৪৯.৪ ওভারে ২১০ রানে অলআউট হয়। জবাব দিতে নেমে ১৭ বল
বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে টাইগার যুবারা।
ডেভিড টিগার ৮৯ বলে ৬৩ রান করে
প্রোটিয়াদের লড়াইয়ের পুঁজি এনে দেন। এছাড়া জুয়ান জেমস ৩২ ও রিচার্ড সেলেৎসোয়ানে ২৭
রান করেন। মাহফুজুর রহমান রাব্বি ৪৩ রানে ৩টি উইকেট নেন। এছাড়া রাফি, রিজান হোসেন
ও রোহানাত দৌলা বর্ষণ দুটি করে উইকেট নেন।
এরপর আরিফুল ইসলাম ৭৬ বলে ৬৮ ও
আদিল বিন সিদ্দিক ৭০ বলে ৫৮ রান করে বাংলাদেশকে জেতান। অধিনায়ক রাব্বি ১৫ রানে
অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। দক্ষিণ আফ্রিকার লিয়াম অ্যালডার ২৩ রানে ৪টি ও
জুয়ান জেমস ৩২ রানে ৩টি উইকেট নেন।
খুলনায় অনুষ্ঠিত হয় সিরিজের প্রথম
তিনটি ম্যাচ, যার দুটিতে জিতে এগিয়ে থাকে দক্ষিণ আফ্রিকা যুব দল। এরপর রাজশাহীতে
অনুষ্ঠিত দুটি ম্যাচেই জয় পায় স্বাগতিকরা। তাতে সিরিজও নিশ্চিত হয় লাল-সবুজদের। ৬৭
রান করার পাশাপাশি ১৪ উইকেট শিকার করে সিরিজসেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের মো.
রাফি উজ্জামান রাফি। আজ ৭৬ বলে ৬৮ রানের ইনিংস খেলার পর বল হাতে ১ উইকেট শিকার করে
ম্যাচসেরা হন আরিফুল ইসলাম।
রোববার সিলেটে দ্বিতীয় ম্যাচ জয়ের মধ্য দিয়ে আফগানিস্তানকে টি২০ সিরিজে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তাদের পদাঙ্ক অনুসরণ করে এবার ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের হারাল বাংলাদেশ যুব দল।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯: ৪৯.৪ ওভারে ২১০। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৭.১ ওভারে ২১১/৭। ফল: বাংলাদেশ ৩ উইকেটে জয়ী। ম্যাচসেরা: আরিফুল ইসলাম (বাংলাদেশ)। সিরিজসেরা: রাফি উজ্জামান (বাংলাদেশ)। সিরিজ: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩-২-এ জয়ী।










