ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচ আহমেদাবাদে অনুষ্ঠিত হলে
তাতে খেলতে আপত্তি জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ নিয়ে ছিল কয়েক মাসের
অচলাবস্থা। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু সেই আহমেদাবাদ রেখেই আজ মঙ্গলবার
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর সূচি ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)
ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি
স্টেডিয়ামে ৫ অক্টোবর গত বিশ্বকাপের ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ
দিয়ে পর্দা উঠবে এবারের আসরের।
বিশ্বকাপ শুরুর ঠিক ১০০ দিন আগে আজ মঙ্গলবার মুম্বাইতে এক
অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রিকেট মহাযজ্ঞের সূচি ঘোষণা করা হলো।
বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে ৭ অক্টোবর। ধর্মশালার হিমাচল
প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ
আফগানিস্তান, যাদের বিপক্ষে আগামী ৫ জুলাই চট্টগ্রামে শুরু হচ্ছে তিন ম্যাচের হোম
সিরিজ। এই সিরিজটা এখন হতে চলেছে দুই দলের জন্যই রিহার্সাল।
উল্লেখ্য, ধর্মশালায় দুই দলের আরেক প্রতিপক্ষ হতে পারে
বৃষ্টি। ২০১৬ সালে টি২০ বিশ্বকাপে ওমানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে বৃষ্টি হানা
দেয়। পরে ডিএলএস মেথডে জয় পায় টাইগাররা।
তামিম ইকবাল, সাকিব আল হাসানরা এবারের বিশ্বকাপে আইসিসি সুপার
লিগ টেবিলে শীর্ষ আটের মধ্যে থেকে সরাসরি উত্তীর্ণ হয়েছে। আফগানিস্তানও। এশিয়ার এই
দুটি দেশ শুরুতেই একে অপরের মুখোমুখি হচ্ছে।
এরই মধ্যে স্বাগতিক ভারতসহ ৮ দল সরাসরি বিশ্বকাপে উত্তীর্ণ
হয়েছে। বাছাইপর্ব খেলে ২টি দল এদের সঙ্গে যোগ দেবে। জিম্বাবুয়ের মাটিতে বাছাইপর্ব
এখন চলছে। এতে অংশ নিচ্ছে জিম্বাবুয়ে, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড,
নেপাল, নেদারল্যান্ডস, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।
বিশ্বকাপে প্রতিটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের
বিপক্ষে খেলবে। তার মানে, প্রতি দল ৯টি ম্যাচ খেলার সুযোগ পাবে।
আফগানিস্তান ম্যাচ ছাড়াও বাংলাদেশ ১০ অক্টোবর ইংল্যান্ডের
বিপক্ষে (ধর্মশালা), ১৪ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে (চেন্নাই), ১৯ অক্টোবর ভারতের
বিপক্ষে (পুনে), ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (মুম্বাই), ২৮ অক্টোবর
বাছাইপর্ব খেলে আসা দলের বিপক্ষে (কলকাতা), ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে (কলকাতা),
৬ নভেম্বর বাছাইপর্ব খেলে আসা দলের বিপক্ষে (দিল্লি) ও ১২ নভেম্বর অস্ট্রেলিয়ার
বিপক্ষে (পুনে) খেলবে।
টেবিলের শীর্ষ চারটি দল উঠবে সেমিফাইনালে। ১৫ নভেম্বর মুম্বাইতে
ও ১৬ নভেম্বর কলকাতায় দুটি সেমিফাইনাল। ১৯ নভেম্বর আহমেদাবাদে ১৩তম ওয়ানডে
বিশ্বকাপ ফাইনাল।
খেলাগুলো হবে ভারতের মোট দশটি ভেন্যুতে। ৪৫টি লিগ ম্যাচ ও
তিনটি নকআউটের ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই,
দিল্লি, ধর্মশালা, হায়দরাবাদ, কলকাতা, লখনউ, পুনে ও মুম্বাইতে। টুর্নামেন্ট চলবে
মোট ৪৬ দিন।
ভারত সেমিফাইনালে উঠলে খেলা হবে মুম্বাইতে। আর যদি তাদের
প্রতিপক্ষ পাকিস্তান হয়, তবে খেলাটি সরিয়ে নেয়া হবে কলকাতায়।
বিশ্বকাপ শুরুর আগে ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে
হায়দরাবাদ, থিরুভানান্থাপুরম ও গোয়াহাটিতে ওয়ার্মআপ ম্যাচ খেলবে দলগুলো।










