বিশ্বকাপে আজ চেন্নাইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। এদিন বিশ্ব রেকর্ড গড়ে খবরের শিরোনাম অস্ট্রেলিয়ার ক্রিকেটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। আজ রোববার ঘরোয়া ওয়ানডে ম্যাচে তাসমানিয়ার বিপক্ষে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করেছেন সাউথ অস্ট্রেলিয়ার এই ব্যাটার, যা লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

২১ বছর বয়সী জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক রান তাড়ার সময় অষ্টম ওভারে সেঞ্চুরি পূর্ণ করে ভেঙে দেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড। ভিলিয়ার্স ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন।

জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক আজ দ্রুততম সেঞ্চুরির পথে ১৮ বলে করেছেন ফিফটি, যা অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডের রেকর্ড। এরপর মাত্র ১১ বলে পৌঁছে যান তিন অঙ্কে। এ সময় এক ওভার থেকেই তিনি তুলে নেন ৩২ রান।

এই ওপেনার পরিশেষে ৩৮ বলে ১২৫ রান করে আউট হয়েছেন। দশটি চার ও ১৩টি ছক্কায় সাজিয়েছেন ইনিংসটি।

জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের জাদুকরি ইনিংসের পরও জিততে পারেনি সাউথ অস্ট্রেলিয়া। ৯ উইকেটে ৪৩৫ রানের সৌধ গড়া তাসমানিয়া জিতেছে ৩৭ রানে। ২০১৬ সালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৪২০ রান করেছিল সাউথ অস্ট্রেলিয়া। আজ সেই রেকর্ড ভেঙে ঘরোয়া ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ল তাসমানিয়া।