ডেভিড ওয়ার্নার আগেই
ঘোষণা দিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলেই অবসরে যাবেন। বুধবার
বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে সিডনিতে শুরু হবে ওয়ার্নারের বিদায়ী টেস্ট।
একইসঙ্গে দুই
ফরম্যাট থেকে বিদায় নিচ্ছেন ওয়ার্নার। আজ সোমবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তিনি
ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। যদিও বামহাতি এই তারকা ব্যাটার
জানিয়েছেন, অস্ট্রেলিয়া চাইলে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে ডাকতে
পারে, তিনি খেলবেন।
আজ অবসরের ঘোষণায়
তিনি বলেন, ‘আমি নিশ্চিতভাবেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এই বিষয়টি আমি
বিশ্বকাপ চলাকালেই ভেবে রেখেছি। ভারতে আমরা বিশ্বকাপ জিতেছি, এটা ছিল বিরাট এক
অর্জন। আমি আজ সেই সিদ্ধান্তটি জানিয়ে দিলাম। দুটি ফরম্যাট থেকে অবসর নেয়ায় আমি
এখন বিশ্বব্যাপী লিগগুলোতে আরো বেশি সময় দিতে পারব। সামনে একটি চ্যাম্পিয়ন্স ট্রফি
আছে। এই দুই বছরে আমি যদি ভালো ক্রিকেট খেলি ও সবকিছু ঠিক থাকে, তবে তারা চাইলে আমাকে
ডাকতে পারে।’
১৬১টি ওয়ানডে
খেলেছেন ওয়ার্নার। ৪৫.৩০ গড়ে করেছেন ৬ হাজার ৯৩২ রান। ২২টি সেঞ্চুরি ও ৩৩টি
হাফসেঞ্চুরি করেছেন তিনি। আর ১১২টি টেস্ট খেলে সাদা জার্সিকেও বিদায় জানাবেন তিনি।
এখন পর্যন্ত ১১১ টেস্টে ২৬টি সেঞ্চুরি ও ৩৬টি হাফসেঞ্চুরিতে তিনি করেছেন ৮ হাজার
৬৯৫ রান।
সম্প্রতি পার্থে
পাকিস্তানের বিপক্ষে ১৬৪ রানের রাজসিক একটি ইনিংস খেলেন ৩৭ বছর বয়সী ওয়ার্নার। ম্যাচটি
দাপটে জিতেছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন টেস্টেও তারা জয়লাভ করে। এবার সিডনিতে জিতলে
প্রতিপক্ষকে ৩-০তে হোয়াইটওয়াশ করবে প্যাট কামিন্সের দল। ওয়ার্নারেরও বিদায়টা দারুণ
মধুর হবে।










