টি২০ ফরম্যাটে ২০২৩ সালে কোনো সিরিজ হারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের কাছে আজ রোববার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ ডিএলএস মেথডে হারলেও সিরিজটা ১-১-এ ড্র হয়েছে। কিন্তু দারুণ এক সুযোগ হাতছাড়া করেছে টাইগাররা। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো যেকোনো ফরম্যাটে সিরিজ জয়ের হাতছানি ছিল। ব্যাটিং ব্যর্থতায় সেই সুযোগ হারাল নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচ শেষে বাংলাদেশ দলনায়কের কন্ঠেও ছিল সেই আক্ষেপ।

 

প্রথম ম্যাচ বাংলাদেশ জিতে নেয়ার পর দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়। এতে নিশ্চিত হয়ে যায়, বাংলাদেশ আর সিরিজ হারছে না। তবে নাজমুল হোসেন শান্তর দল সিরিজ জিতেই দেশে ফিরতে চেয়েছিলেন। তাতে ইতিহাস হতো নিউজিল্যান্ডের মাঠে। দেশটিতে আগে কখনো কোনো ফরম্যাটে সিরিজ জেতা হয়নি টাইগারদের। এবার সুযোগ এসেছিল, যদিও শেষ ম্যাচটি হেরে বসলেন শান্তরা।

 

শোচনীয় ব্যাটিং ব্যর্থতায় তৃতীয় ম্যাচ হেরেছে বাংলাদেশ। ১৯.২ ওভারে মাত্র ১১০ রান তুলে সবকটি উইকেট হারায় সফরকারীরা। কিউইরা গতি ও ঘূর্ণি সম্মিলিত আক্রমণে কোনঠাসা করে রাখে বাংলাদেশকে। টিম সাউদি, অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স প্রত্যেকেই দুটি করে উইকেট নেন। মাঝের দিকে টানা চার উইকেট শিকার করেন কিউই অধিনায়ক স্যান্টনার। বাংলাদেশের ব্যাটাররা ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। শান্ত সর্বোচ্চ ১৭ রান করেন ১৫ বলের মোকাবেলায়।  

এরপরও বোলারদের কল্যাণে জয়ের আশা জাগায় বাংলাদেশ। মেহেদী হাসান ও শরিফুলের অনবদ্য বোলিংয়ে ৪৯ রানের মধ্যে স্বাগতিকদের ৫ উইকেট তুলে নেয় সফরকারীরা। এরপর জেমস নিশাম ও স্যান্টনার ৩৭ বলে ৪৬ রানের জুটিতে দলকে নিরাপদ স্থানে নিয়ে যান। কিউইদের সংগ্রহ যখন ৫ উইকেটে ৯৫ রান তখন মুষলধারে বৃষ্টি শুরু হলে খেলা আর শুরু করা সম্ভব হয়নি। ওই সময় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন মেথডে স্বাগতিক দলটির ৭৮ রান থাকলেই চলতো, তাদের ছিল ৯৫/৫। ফলে ১৭ রানের জয় পায় দলটি।

 

এ বছর এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থ হলেও টি২০ ফরম্যাটে এসেছে গর্ব করার মতো সফলতা। ইংল্যান্ড (৩-০), আয়ার‍ল্যান্ড (২-১) ও আফগানিস্তানের (২-০) বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। এরপর অক্টোবরে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমস ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে দ্বিতীয় সারির বাংলাদেশ দল।

 

আজ নিউজিল্যান্ড জেতায় সিরিজটা ১-১-এ ড্র হলো। তাই মিচেল স্যান্টনারের সঙ্গে ট্রফিতে অন্তত একটি হাত পড়েছে বাংলাদেশ দলনায়কেরও।

 

টি২০ সিরিজের আগে ওয়ানডে সিরিজটা ১-২-এ হেরেছে বাংলাদেশ। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৮ রানে অলআউট করে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় টাইগারার। সেই জয়ে উজ্জীবিত দলটি টি২০ সিরিজেও শুভসূচনা করে। তাতে সিরিজ জয়ের আশাও জাগে। অবশ্য শেষটা রাঙানো হলো না।

 

ম্যাচ শেষে হারের জন্য ব্যাটারদের দুষছেন অধিনায়ক শান্ত। পাশাপাশি বোলার শেখ মেহেদী হাসান ও শরিফুলের প্রশংসা করেন তিনি। শান্ত বলেন, ‘আজ বোলাররা খুব ভালো করেছে। তবে ব্যাটসম্যানরা যথেষ্ট রান করতে পারেনি। সব বোলারই আজ ভালো বল করেছে। হ্যাঁ (শুরুতে খুব বেশি উইকেট পড়েছে)। আর টি২০তে শুরুটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ব্যাটসম্যানরা আজ শুরু পেয়েছে, ১৫-১৭ রান করেছে। কিন্তু কেউ ম্যাচটাকে গভীরে নিতে পারেনি। এই ভুলটা আজ আমরা করেছি।’

 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ১৯.২ ওভারে ১১০ (শান্ত ১৭, তাওহিদ ১৬, আফিফ ১৪; স্যান্টনার ৪/১৬)। নিউজিল্যান্ড: ১৪.৪ ওভারে ৯৫/৫ (অ্যালেন ৩৮, নিশাম ২৮*, স্যান্টনার ১৮*; শরিফুল ২/১৭, মেহেদী ২/১৮)। ফল: নিউজিল্যান্ড ১৭ রানে জয়ী (ডিএলএস)। ম্যাচসেরা: মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)। সিরিজসেরা: শরিফুল ইসলাম (বাংলাদেশ)। সিরিজ: ১-১-এ ড্র।