নিজেদের হাজারতম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। ক্যানবেরায় আজ ক্যারিবিয়ানদের ৮৬ রানে অলআউট করার পর অজিরা জিতেছে ৮ উইকেট ও ২৫৯ বল হাতে রেখে। এই জয়ে প্রতিপক্ষকে ৩-০তে হোয়াইটওয়াশ করল স্বাগতিকরা।

 

আগে ব্যাট করে ২৪.১ ওভারে ৮৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। একটি পর্যায়ে তাদের স্কোর ৭১/৪ থাকলেও পরের ১৫ রান তুলতে বাকি ৬ উইকেট হারায় অতিথিরা। ফাস্ট বোলার জাভিয়ের বার্টলেট ২১ রানে নেন ৪ উইকেট। ২ ফেব্রুয়ারি মেলবোর্নে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে অভিষেক ঘটে বার্টলেটের, ওই ম্যাচেও তিনি নেন ৪ উইকেট। আজ ৭.১ ওভারে ২১ রানের খরচায় তিনি সাজঘরে ফেরান ওয়েস্ট ইন্ডিজের কিওরন ওটলি, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড ও আলজারি জোসেফকে। এছাড়া ল্যান্স মরিস ও অ্যাডাম জাম্পা নেন ২টি করে উইকেট।

 

এরপর জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের ঝড়ো ব্যাটিংয়ে ৬.৫ ওভারেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ফ্রেজার-ম্যাকগার্ক ১৮ বলে ৪১ ও জস ইংলিশ ১৬ বলে ৩৫ রান করেন। বলের হিসেবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের এটাই সবচেয়ে বড় জয়। ২০০৪ সালে সাউদাম্পটনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৫৩ বল হাতে রেখেই ৬৬ রান তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া।

 

এবার তিন ম্যাচের টি২০ সিরিজে মুখোমুখি হবে দুটি দল। শুক্রবার হোবার্টে প্রথম ম্যাচ। রোববার অ্যাডিলেডে ও মঙ্গলবার পার্থে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।