জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত বাছাইপর্বে ব্যর্থ হলো স্বাগতিক জিম্বাবুয়ে। স্কটল্যান্ডের কাছে হেরে ভারতে অনুষ্ঠেয় আসরে খেলার আশা শেষ হয়ে যায় তাদের। এ নিয়ে টানা দুটি ওয়ানডে বিশ্বকাপে দেখা যাবে না আফ্রিকান দেশটিকে।

এ স্কটিশরা এর আগে বিদায় করেছে ওয়েস্ট ইন্ডিজকেও। দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদেরও দেখা যাবে না ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে। প্রথমবার তারা থাকছে না কোনো বিশ্বকাপে। এর আগে আয়ারল্যান্ডকেও হারায় স্কটিশরা। তিনটি টেস্ট খেলুড়ে দেশকে হারিয়ে স্কটিশরা যেন রূপকথা লিখে চলছিল। কিন্তু শেষ ম্যাচে তাদের থামিয়ে দেয় ইউরোপের আরেক দেশ নেদারল্যান্ডস। ফেভারিট হিসেবে খেলতে নেমেও শেষ পর্যন্ত পরাজিত দলের নাম স্কটল্যান্ড। তাদের হারিয়ে শ্রীলংকার পর দ্বিতীয় দল হিসেবে বাছাই টুর্নামেন্ট থেকে বিশ্বকাপের টিকিট পায় ডাচরা।

স্কটিশদের কপালই মন্দ বলতে হয়। বৃহস্পতিবার সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২৭৭ রান তোলে। তারা শুধু জিতলেই চলত। আর হারলেও বিশ্বকাপে যেত, যদি না ব্যবধান খুব বড় হয়। জানা গেল, ৪৪ ওভারের মধ্যে এ রানগুলো তুলে নিতে পারলে ডাচরা যাবে বিশ্বকাপে। ব্যাস ডি লিডির বীরত্বপূর্ণ ব্যাটিংয়ে সেটি সম্ভব করে ছাড়ল নেদারল্যান্ডস। তা-ও ৪২ দশমিক ৫ ওভারেই! ৯২ বলে ১২৩ রান করে তিনি দেশকে নিয়ে গেলেন বিশ্বকাপে। এর আগে বল হাতেও দলের সেরা পারফরমার তিনি। ৫২ রানের খরচায় নিয়েছেন ৫ উইকেট।

২০১১ সালের পর এ প্রথম ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডস। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পর এবার আরেকটু অর্জনের বাকি আছে ডাচদের। আজ ফাইনালে শ্রীলংকার মুখোমুখি হবে তারা। বাছাই টুর্নামেন্টে শিরোপা নিয়ে দেশে ফেরার স্বপ্নটা এখন নিশ্চিতভাবেই দেখছে স্কট এডওয়ার্ডসের দল।

১০ দলের বাছাইপর্বে জমজমাট লড়াই হয়। সুপার সিক্সে ওঠে শ্রীলংকা, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও ওমান। বিদায় নেয় নেপাল, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

শ্রীলংকা আগেই বিশ্বকাপে উঠে যায়। স্কটল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় জিম্বাবুয়েও। পরে স্কটল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচ রূপ নেয় নকআউটে। এ ম্যাচে নাটকীয় জয় পেয়ে বিশ্বকাপে উঠে যায় ডাচরা। সুপার সিক্সে নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ের সমান ৬ পয়েন্ট, তাদের আলাদা করা গেছে শুধু নিট রানরেট দিয়ে।

১০ দলের টুর্নামেন্ট চালুর পর একমাত্র সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপে উঠল নেদারল্যান্ডস। আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের। এ আসরে ৬ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে নেদারল্যান্ডস। পরদিন ৭ অক্টোবর বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান।

যারা খেলবে এবারের বিশ্বকাপে

ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলংকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।