অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টেও আধিপত্য বজায় রেখেছে অস্ট্রেলিয়া। ব্যাটারদের কল্যাণে স্বাগতিকরা প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৪৭৩ রানে। গতকাল বল হাতে মিচেল স্টার্ক ও নাথান লায়নদের নৈপুণ্যে তারা ইংল্যান্ডকে প্রথম ইনিংসে গুটিয়ে দিয়েছে ২৩৬ রানে। ফলে প্রথম ইনিংস থেকে ২৩৭ রানের লিড পায় অজিরা।

ইংলিশদের ফলোঅন লজ্জায় না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দিবা-রাত্রি টেস্টে গতকাল তৃতীয় দিনশেষে ১ উইকেটে ৪৫ রান করেছে দলটি। ডেভিড ওয়ার্নার ১৩ রান করে আউট হন। মার্কাস হ্যারিস ২১ ও মাইকেল নেসের ১ রানে অপরাজিত আছেন।

এর আগে দ্বিতীয় দিনের পর গতকাল ব্যাটিংয়ে নেমে ২৩৬ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস। অতিথি দলের সাত ব্যাটারই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। আগের দিন তাদের সংগ্রহ ছিল দুই উইকেটে ১৭ রান। দ্বিতীয় উইকেটে ডেভিড মালান ও জো রুট ১৩৮ রানের জুটিতে ভালোভাবে চাপ সামলে নেন। দলীয় ১৫০ রানের মাথায় রুট আউট হলে শুরু হয় আসা-যাওয়ার মিছিল। ১১৬ বল খেলে সাতটি চারে ৬২ রান করেন ইংলিশ অধিনায়ক। এটি তার টেস্ট ক্যারিয়ারে ৫১তম ফিফটি।

টেস্টে ২০২১ পঞ্জিকাবর্ষে রুটের রান ১ হাজার ৬০৬। এতে তিনি ছাড়িয়ে গেলেন রিকি পন্টিংয়ের ১ হাজার ৫৪৪, শচীন টেন্ডুলকারের ১ হাজার ৫৬২ ও মাইকেল ক্লার্কের ১ হাজার ৫৯৫ রানকে। রুটের ফর্মের কাছে হুমকির মুখে পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১ হাজার ৭৮৮ রান করা মোহাম্মদ ইউসুফের সেই রেকর্ডও। ২০০৬ সালে এই রেকর্ড গড়েন ইউসুফ। পাকিস্তানি ব্যাটারের রেকর্ড ভাঙতে পারলে ভাঙা হবে ২০০৮ সালে গ্রায়েম স্মিথের ১ হাজার ৬৫৬ ও ১৯৭৬ সালের ভিভ রিচার্ডসের ১ হাজার ৭১০ রানের রেকর্ডও। এজন্য রুটের হাতে আছে এ বছর তিনটি ইনিংস। ইউসুফকে ছাড়িয়ে যেতে প্রয়োজন আরো ১৮৩ রান।

কাল দলীয় ১৫৭ রানের মাথায় ফেরেন মালান। ১৫৭ বল মোকাবেলায় ৮০ রান করেন এই ডানহাতি ব্যাটার। ১০টি চারে সাজান টেস্টে নিজের নবম ফিফটি। এরপর উল্লেখযোগ্য স্কোর ছিল বেন স্টোকসের ৩৪ ও ক্রিস ওকসের ২৪ রান।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে মিচেল স্টার্ক চারটি, নাথান লায়ন তিনটি, ক্যামেরন গ্রিন দুটি ও নেসের একটি উইকেট নেন।

উল্লেখ্য, প্রথম টেস্ট জিতে পাঁচ ম্যাচের অ্যাশেজে ১-০তে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ক্রিকইনফো