নারী বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে স্পেনকে জিতিয়ে দেয়া জেনিফার হারমোসোকে ‘আবেগবশত’ চুমু দিয়েছিলেন স্প্যানিশ ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস। এই কাণ্ডে তিনি ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করলেও সমালোচনার ঝড় মোটেও থামেনি। এর জেরে পদত্যাগ করতে যাচ্ছেন রুবিয়ালেস। খবর এনডিটিভি।

প্রতিবেদন অনুসারে, আজ শুক্রবার (২৫ আগস্ট) স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতির পদ থেকে ইস্তফা দেবেন ৪৬ বছর বয়সী রুবিয়ালেস।

গত ২০ আগস্ট সিডনিতে ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় লাভ করে স্পেন। এরপর পুরস্কার বিতরণী মঞ্চে হারমোসোর ঠোঁটে চুমু খেয়ে বসেন রুবিয়ালেস। এ আচরণ ভালোভাবে নেননি হারমোসোও। পরে অবশ্য পরিস্থিতি সামাল দিতে নিজের অসন্তুষ্টি আড়াল করেন তিনি।

ম্যাচ জেতার পরদিন সন্ধ্যায় রুবিয়ালেস বলেছিলেন, ‘আমি সম্পূর্ণরূপেই ভুল ছিলাম। আমাকে এটা স্বীকার করতেই হবে। আমি অনুতপ্ত। চরম উত্তেজনার মুহূর্তে এতে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ওই মুহূর্তে এক আমরা স্বাভাবিক হিসেবেই নিয়েছিলাম। কিন্তু বাইরে এ নিয়ে একটি আলোচনা তৈরি হয়েছে। এ ঘটনায় আমি দুঃখপ্রকাশ করছি। আমি বুঝতে পারছি, যখন আপনি প্রেসিডেন্ট তখন আরো সতর্ক থাকতে হবে।’

হারমোসো ইনস্টাগ্রামে বলছিলেন, ‘আমি এটা পছন্দ করিনি।’ পরে অবশ্য তার পক্ষ থেকে রুবিয়ালেসকে রক্ষা করতেই একে ‘স্বাভাবিক’ ঘটনা বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘বিশ্বকাপ জয়ের অপরিসীম আনন্দের কারণে এটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত পারস্পরিক অঙ্গভঙ্গি। প্রেসিডেন্ট এবং আমার মধ্যে ভালো সম্পর্ক আছে। আমাদের সবার প্রতিই তার আচরণ অনুকরণীয় এবং এটি ছিল স্নেহ ও কৃতজ্ঞতার স্বাভাবিক প্রকাশ।’

অবশ্য পদত্যাগের ব্যাপারে বার্তা সংস্থার প্রশ্নে তাৎক্ষণিকভাবে জবাব দেয়নি আরএফইএফ বা লুইস রুবিয়ালেস।

আন্তর্জাতিক পর্যায় ছাড়াও স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, দেশটির নারী লীগসহ বেশ কয়েকটি পুরুষ ক্লাবের কঠোর সমালোচনার মুখে পড়েন রুবিয়ালেস। ধারণা করা হচ্ছে, এসব সমালোচনার চাপে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন।