পার্থ টেস্টে পাকিস্তানকে ৩৬০ রানের বিশাল ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া। আজ রোববার চতুর্থ দিন ৫ উইকেটে ২৩৩ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অজিরা। তাতে পাকিস্তান পায় ৪৫০ রানের বিশাল টার্গেট। এই রান তাড়া করতে নেমে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় দলটি।

 

অজি স্পিনার নাথান লায়ন ১৮ রানে ২ উইকেট নিয়ে পাঁচশ উইকেটের অভিজাত ক্লাবে ঢুকে পড়েছেন। তৃতীয় অস্ট্রেলিয়ান ও সব মিলে অষ্টম বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট শিকারের কীর্তি গড়লেন এই ডানহাতি স্পিনার। তার আগে অজি খেলোয়াড় হিসেবে শেন ওয়ার্ন (৭০৮) ও গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) পাঁচশর গন্ডি পেরিয়েছেন। ৮০০ উইকেট নিয়ে চার্টের এক নম্বরে লংকান স্পিন গ্রেট মুত্তিয়া মুরালিধরণ। সব মিলে চতুর্থ স্পিনার হিসেবে টেস্টে ৫০০ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন তিনি।


 

আজ উসমান খাজার ৯০, মিচেল মার্শের ৬৩ ও স্টিভেন স্মিথের ৪৫ রানে ভর করে অজিরা ৫ উইকেটে ২৩৩ রান তুলে পাকিস্তানকে বড় টার্গেট দিতে সমর্থ হয়। এরপর মিচেল স্টার্ক (৩/৩১), জস হ্যাজেলউড (৩/১৩) ও প্যাট কামিন্সের (১/১১) গতির আগুণে পুড়েছে পাকিস্তান। লায়ন দুই উইকেট তুলে নেয়ার পর টানা দুই বলে পাকিস্তানের শেষ দুই ব্যাটারকে সাজঘরে ফেরান হ্যাজেলউড।

 

মাত্র ৩০.২ ওভারে ৮৯ রানে শেষ পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু তিনজন—সৌদ শাকিল (২৪), বাবর আজম (১৪) ও ইমাম-উল-হক (১০)।

 

প্রথম ইনিংসে ৯০ ও দ্বিতীয় ইনিংসে হার না মানা ৬৩ রান করার পাশাপাশি একটি উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মিচেল মার্শ।

 

২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ৩ জানুয়ারি থেকে।