অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা ডেভিড
ওয়ার্নার একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন।
ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচের আগে এ সিদ্ধান্ত জানালেন তিনি। খবর বিবিসি।
৩৭ বছর বয়সী ওয়ার্নার পাকিস্তানের
সঙ্গে চলমান সিরিজের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছিলেন।
আজ সোমবার (১ জানুয়ারি) ওয়ার্নার জানান,
খুবই স্বাচ্ছন্দ্যের সঙ্গে ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
গত বছর ভারতের বিপক্ষে বিশ্বকাপ জিততে
টিম অস্ট্রেলিয়ার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডেভিড ওয়ার্নার। তিনি ওই
টুর্নামেন্টে শীর্ষ রান করা খেলোয়াড় ছিলেন।
ওয়ার্নার জানান, তার অবসর নতুন খেলোয়াড়দের
জন্য সুযোগ তৈরি করবে। এছাড়া বিদেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে আরো বেশি স্বাধীনতা
পাবেন।
গত ১৪ বছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের
(আইপিএল) অপরিহার্য অংশ হয়ে উঠেছেন ওয়ার্নার।
২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে পা রাখেন
এ খেলোয়াড়। এক যুগের বেশি সময়ে খেলেছেন ১৬১টি ওয়ানডে, যেখানে ৬ হাজার ৯৩২ রান করেছেন।
গড় করলে দাঁড়ায় ৪৫.৩০ রান। ওয়ান ডে ক্রিকেটে ২২টি শতক করেছেন তিনি। রানের দিক থেকে
অস্ট্রেলিয়ার ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক ওয়ার্নার।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অবসর
নিলেও ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাক পেলে খেলতেও পারেন তিনি।
আগামী বুধবার (৩ জানুয়ারি) নিজ শহর
সিডনিতে ক্যারিয়ারের ১১২তম ও চূড়ান্ত টেস্ট খেলবেন ডেভিড ওয়ার্নার।










