পুরুষদের ফুটবলে একমাত্র খেলোয়াড় হিসেবে ২০০
ম্যাচ খেলার অবিশ্বাস্য কীর্তি গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার রাতে
আইসল্যান্ডের মাঠে ইউরো বাছাইপর্বের ম্যাচে ৮৯ মিনিটে গোল করে পর্তুগালকে
জিতিয়েছেন রোনালদো।
গনসালো ইনাসিওর হেড থেকে বল পেয়ে অত্যন্ত
কাছ থেকে নেয়া শটে গোল করেন ৩৮ বছর বয়সী রোনালদো। ইনাসিওর অফসাইডের কারণ দেখিয়ে
প্রথমে গোলটি বাতিল করা হলেও পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তা বহাল রাখেন।
এটা রোনালদোর ১২৩তম আন্তর্জাতিক গোল।
ম্যাচের মতো গোলেও বিশ্বরেকর্ডটা রোনালদোর দখলে।
গত মার্চ মাসে কুয়েতের বাদের আল-মুতাওয়ার
১৯৬ ম্যাচের রেকর্ড ভাঙেন রোনালদো। এবার তিনি উঠলেন দুশর চূড়ায়। রেকর্ড গড়ার পর রোনালদো
বলেছেন, ‘অনেক খুশি। এটা এমনই এক মুহূর্ত যা আপনি কখনই প্রত্যাশা করেন না, ২০০তম
ম্যাচ। আমার কাছে এটি অবিশ্বাস্য অর্জন। অবশ্যই জয়সূচক গোল করাও আমার জন্য
বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।’
ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আমরা খুব ভালো খেলিনি,
যদিও মাঝেমধ্যে ফুটবল এমনই। আমরা একটি গোল করেছি, আমার মতে, জয়টা আমাদেরই
প্রাপ্য।’
পর্তুগাল জাতীয় দলে ২০ বছর ধরে খেলছেন রোনালদো।
২০০৩ সালে অভিষেক ঘটে তার। ইউরোপের ফুটবল ছেড়ে সৌদি আরবের ক্লাবে নাম লেখালেও এখনো
জাতীয় দলে তিনি নিয়মিত। স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও
জুভেন্টাস ফরওয়ার্ড পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অর।
চলতি ইউরোপিয়ান বাছাইপর্বে রোনালদোর পঞ্চম
গোলে ভর করে চার ম্যাচে চার জয় তুলে নিল পর্তুগাল।
বাছাইপর্বে মঙ্গলবার রাতে নরওয়ে ৩-১ গোলে সাইপ্রাসকে, স্কটল্যান্ড ২-০ গোলে
জর্জিয়াকে, অস্ট্রিয়া ২-০ গোলে সুইডেনকে, বেলজিয়াম ৩-০ গোলে এস্তোনিয়াকে হারায়।










