সাগরিকার হ্যাটট্রিকে ষষ্ঠ সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলংকাকে ৯-১ গোলে গুঁড়িয়ে দুর্দান্ত সূচনা করে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজ টানা দ্বিতীয় জয়ের খোঁজে নামছে আফঈদা খন্দকারের দল। সামনে শক্তিশালী নেপাল। শুক্রবার প্রথম ম্যাচে তারা ৬-১ গোলে হারিয়ে দেয় ভুটানকে। ভারত না থাকায় এবার শিরোপার লড়াই হবে মূলত বাংলাদেশ ও নেপালের মধ্যে। আজ দুই দলেরই সামনে একে অন্যকে পেছনে ফেলার সুযোগ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। আজ আরেক ম্যাচে ভুটানের মুখোমুখি হবে শ্রীলংকা।
সমান একটি করে জয় নিয়ে টেবিলের এক ও দুইয়ে যথাক্রমে বাংলাদেশ ও নেপাল। তিনটি গোল বেশি করায় বাংলাদেশ রয়েছে শীর্ষস্থানে। আজ যারা জিতবে তারাই শীর্ষস্থান দখল করবে। আর ড্র হলে বাংলাদেশ শীর্ষস্থান ধরে রাখবে।
আজ নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলার পর ১৫ ও ১৭ জুলাই টানা দুই ম্যাচে মেয়েদের প্রতিপক্ষ ভুটান। ১৯ জুলাই আবার লংকানদের মুখোমুখি হবেন স্বপ্না-সাগরিকারা। আর ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে স্বাগতিকরা। গ্রুপে চারটি দল ছয় রাউন্ড ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।
এটা বয়সভিত্তিক সাফের ষষ্ঠ আসর। গত বছর ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুমুল লড়াই শেষে যুগ্ম চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ও ভারত। এবার ভারত অংশ নিচ্ছে না।
বয়সভিত্তিক নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে, ভারত জিতেছে দুবার।










