ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা আগেই দিয়েছেন সার্জিও আগুয়েরো। আগামী মাসেই ইংলিশ ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এরপরই তিনি হয়ে যাবেন বার্সেলোনার খেলোয়াড়। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি হবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের। বার্সেলোনায় তার বাই-আউট ক্লজ হবে ১০ কোটি ইউরো। আজ বার্সেলোনায় স্বাস্থ্য পরীক্ষাও হয়ে গেছে ৩২ বছর বয়সী খেলোয়াড়ের। কাতালান ক্লাবটি নিজেদের টুইটার অ্যাকাউন্টে আগুয়েরোর আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেছে।
১০ বছর খেলে ম্যানসিটি ছাড়ছেন আগুয়েরো। সিটিজেনদের জার্সিতে ৩৯০ ম্যাচে
করেছেন ২৬০ গোল, যা ক্লাবটির হয়ে রেকর্ড। ইংলিশ
প্রিমিয়ার লিগে চতুর্থ সর্বোচ্চ ১৮৪ গোল তার। এছাড়া বিদেশী খেলোয়াড় হিসেবে
প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল এবং সর্বোচ্চ ১২টি হ্যাটট্রিকের গৌরবের অধিকারী
তিনি। সিটির হয়ে সর্বশেষ খেলেছেন সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বদলি হিসেবে।
ওই ম্যাচে চেলসির কাছে সিটির পরাজয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন
ভেঙে যায় আগুয়েরোর।
ম্যানচেস্টারে ১৫টি বড় শিরোপা জেতা আগুয়েরো স্বদেশী লিওনেল মেসির সঙ্গে
বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন। এবার লা লিগায় তৃতীয় হয়েছে কাতালানরা। আগামী মৌসুমে
শিরোপা পুনরুদ্ধারের মিশন জোরালো করতেই আগুয়েরোকে দলে ভেড়াচ্ছে স্প্যানিশ
জায়ান্টরা।
এ মৌসুমের শুরুর দিকে মাত্র ৬০ লাখ ইউরোয় লুই সুয়ারেজকে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে বিক্রি করে বার্সেলোনা। সেই সুয়ারেজই সামনে থেকে নেতৃত্ব দিয়ে লা লিগা শিরোপা জিতিয়েছেন অ্যাতলেটিকোকে। লা লিগায় ব্যর্থতা ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পিএসজির কাছে হেরেছে বার্সেলোনা। এপ্রিলে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে জেতা কোপা ডেল রে এ মৌসুমে মেসিদের একমাত্র শিরোপা।










