চলতি শ্রীলংকা সফরে ১-০-তে টেস্ট সিরিজ ও ২-১-এ ওয়ানডে সিরিজ হেরে যায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজ হারলেও দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজটা জমিয়ে দিয়েছিল সফরকারীরা। ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজেও প্রথম ম্যাচেই হেরে বসেছে সফরকারীরা। কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে ১৫৫ রানের টার্গেটটা সহজেই ছুঁয়ে ফেলেছে সিংহলিজরা। আজ স্বাগতিকদের সামনে সিরিজ জিতে নেয়ার সুযোগ। আর বাংলাদেশের জন্য সিরিজে সমতা আনার চ্যালেঞ্জ। লিটন দাসের দল জিতলে সিরিজটা ১-১ হবে এবং তারা সিরিজেও টিকে থাকবেন। ডাম্বুলায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

পাল্লেকেলেতে প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৫ উইকেটে ১৫৪ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন সর্বোচ্চ ৩৮ রান করেন ২২ বলের মোকাবেলায়। এরপর কুশল মেন্ডিসের রাজসিক ফিফটিতে (৫১ বলে ৭৩) ভর করে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ওই জয়ে সিরিজে ১-০-তে এগিয়ে যায় শ্রীলংকা। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে চারিথ আসালঙ্কার দল। সুযোগ আছে বাংলাদেশের সামনেও। তারা জিতলেই শেষ ম্যাচ পর্যন্ত সিরিজটা জমজমাট থাকবে। আর আজ সিংহলিজরা জিতলে শেষ ম্যাচ রূপ নেবে কেবলই আনুষ্ঠানিকতায়।

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ শ্রীলংকার সামনে। ২০১৩ সালে একমাত্র ম্যাচের সিরিজ জিতে নিয়েছিল স্বাগতিকরা। ২০১৭ সালে সিরিজটা ড্র হয়েছিল ১-১-এ।

ম্যাচ জয়ের হিসাবে শ্রীলংকার মাঠে কিন্তু দুই দল সমানে সমান। দুই জাতি সিরিজের পাশাপাশি নিদাহাস ট্রফি মিলে আজ পর্যন্ত মোট ছয় ম্যাচের মুখোমুখিতে দুই দল সমান তিনটি করে জয় পেয়েছে। ২০১৩ সালের সফরে একমাত্র ম্যাচে হারের পর ২০১৭ সালের সফরে দুই ম্যাচের সিরিজ ১-১-এ ড্র করে বাংলাদেশ। ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে শ্রীলংকাকে দুবার হারানোর কৃতিত্ব দেখায় মাহমুদউল্লাহর দল। চলতি সিরিজের প্রথম ম্যাচে আবার হেরে বসেছে লাল-সবুজ জার্সিধারীরা। লড়াই এখন ৩-৩-এ সমতা। আজ কারা এগিয়ে যাবে?

সব মিলিয়ে দুই দলের এটা ষষ্ঠ টি-টোয়েন্টি সিরিজ। আগের পাঁচ সিরিজের মধ্যে চারটিই জিতেছে শ্রীলংকা, বাকিটি ড্র হয়। পঞ্চমবারের মতো বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর দ্বারপ্রান্তে রয়েছে সিংহলিজরা।

দুই দল মোট ১৮টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে শ্রীলংকার জয় ১২টিতে, আর বাংলাদেশ জিতেছে ৬টি।

গত বছর অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২-১-এ হারায় শ্রীলংকা। এরপর নিউজিল্যান্ডের সঙ্গে দুটি টি-টোয়েন্টি সিরিজে শিরোপা জিততে পারেনি তারা। ঘরের মাঠে ১-১-এ সিরিজ ড্র করার পর নিউজিল্যান্ড সফরে গিয়ে ২-১-এ সিরিজ হেরে বসে আসালঙ্কার দল। এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে মরিয়া সিংহলিজরা। আগামী বছর ভারত ও শ্রীলংকার মাটিতে বসছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের আসর। বিশ্বকাপ সামনে রেখে নিজেদের সবদিক থেকে তৈরি রাখতে চায় সিংহলিজরা।

বাংলাদেশও জয়ের ধারায় ফিরতে চায়। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩-০-তে সিরিজ জয়ের কীর্তি গড়ার পর এ ফরম্যাটে ফ্লপ বাংলাদেশ। এ বছর পাকিস্তান সফরের প্রস্তুতি নিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজ খেলতে গিয়ে লজ্জার মুখোমুখি হয় লিটন দাসের দল।

তাদের ২-১-এ সিরিজ হারিয়ে দেয় স্বাগতিক আরব আমিরাত। এরপর পাকিস্তান সফরে গিয়ে ৩-০তে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। গত ১৭ মে শারজায় আরব আমিরাতকে হারানোর পর টানা ছয়টি টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ দল। হারের বৃত্ত থেকে আজ বেরিয়ে আসার চ্যালেঞ্জ লিটনদের সামনে।