সিরিজের
দ্বিতীয় ও শেষ টেস্টে কেপ টাউনে আগে ব্যাট করতে নেমে ভারতীয় পেসার মোহাম্মদ
সিরাজের বোলিং তোপে ২৩ ওভার ২ বলে
মাত্র ৫৫ রানে অলআউট হওয়ার লজ্জায় ডুবল দক্ষিণ আফ্রিকা। মাত্র ৯ ওভার বল করে
সিরাজ একাই নিয়েছেন ৬ উইকেট। ভারতের বিপক্ষে টেস্টে যেকোনো দলের সবচেয়ে কম রানে
অলআউট হওয়ার বিব্রতকর রেকর্ড এটি।
বুধবার (৩
জানুয়ারি) কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়
দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিকরা।
স্বাগতিকদের
ব্যাটিং ধ্বংসস্তূপে পরিণত করেন সিরাজ একাই। ক্যারিয়ারে সেরা বোলিংয়ে ১৫ রানে নেন
৬ উইকেট। টেস্টে তার আগের সেরা বোলিং ছিল ৬০ রানে পাঁচটি। টেস্টের প্রথম দিনের
প্রথম সেশনে পাঁচ উইকেট নেয়ার দ্বিতীয় ভারতীয় বোলার সিরাজ। এর আগে কীর্তিটি ছিল
মানিন্দার সিংয়ের, ১৯৮৭ সালে বেঙ্গালুরুতে পাকিস্তানের
বিপক্ষে।
ব্যাট করতে
নেমে টপ অর্ডারের চার ব্যাটার পার করতে পারেননি দশ রানের ঘর। এমনকি এ চার ব্যাটারের মধ্যে অধিনায়ক ডিন এলগার করেন সর্বোচ্চ ৪ রান। এইডেন
মার্করাম ২, টনি ডি জর্জি ২ এবং ত্রিশান স্টাবস করেন ৩
রান। এ চার জনের মধ্যে ৩টি উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও একটি নেন জসপ্রিত বুমরাহ।
১২ রান করা ডেভিড বিংহ্যামকেও সাজঘরে ফেরান সিরাজ। এছাড়া ১৫ রান করা কাইল ভেরিনে ও শূন্য রান করা মার্কো ইয়ানসেনকেও ফিরিয়েছেন সিরাজ। কেষব মহারাজকে ৩ রানে আউট করেন মুকেশ কুমার। খানিক বাদে নান্দ্রে বার্গারকে ফেরান বুমরাহ। প্রোটিয়াদের শেষ ব্যাটার হিসেবে বিদায় নেন কাগিসো রাবাদা। তাকে প্যাভিলিয়নে ফেরান মুকেশ। এ ম্যাচে ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ নেন ৬ টি উইকেট। এছাড়াও ২টি করে উইকেট পান মুকেশ কুমার ও জাসপ্রিত বুমরাহ।










