চলতি ইউএস ওপেন টেনিসে একের পর এক অঘটন। ছেলেদের এককে তৃতীয় বাছাই স্পেনের কার্লোস আলকারাজ দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়ার পর গতকাল ভোরে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ২৪ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী সার্বিয়ার নোভাক জোকোভিচ। তাকে ৬-৪, ৬-৪, ২-৬, ৬-৪ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্সি পপিরিন।
১৮ বছরের মধ্যে এই প্রথম ইউএস ওপেনে এত আগেভাগে বিদায় নিলেন জোকোভিচ। সেই সঙ্গে ২০১৭ সালের পর এই প্রথম কোনো বছর তার গ্র্যান্ড স্লাম শিরোপাহীন কাটবে। এতে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের অপেক্ষা বাড়ল তার। ২৪টি শিরোপা জিতে অস্ট্রেলিয়ান গ্রেট মার্গারেট কোর্টের সঙ্গে রেকর্ডটা ভাগাভাগি করছেন তিনি। আর ছেলেদের টেনিসে তিনিই সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক।
এর আগের দিন বর্তমান ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাজ হেরেছেন নেদারল্যান্ডসের বোটিচ ফন ডি জ্যান্ডশালপের কাছে। এবার আরেক শিরোপাপ্রত্যাশী জোকোভিচ বিদায় নিলেন।
এদিকে শুক্রবার রাতে মেয়েদের এককে ইউক্রেনের এলিনা সভিতোলিনাকে ৩-৬, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের কোকো গাফ। তিনি মুখোমুখি হবেন স্বদেশী এমা নাভারোর, যিনি হারান ইউক্রেনের আরেক খেলোয়াড় মার্তা কস্তিউককে।
শুক্রবার নিউইয়র্কের স্থানীয় সময় মধ্যরাতে শুরু হওয়া ম্যাচে গতবারের রানারআপ আরিনা সাবালেঙ্কা ২-৬, ৬-১, ৬-২ গেমে হারান রাশিয়ার একাতেরিনা আলেক্সান্দ্রোভাকে। শেষ ষোলোয় উঠেছেন জার্মানির আলেক্সান্ডার জেরেভ, চীনের কিনওয়েন ঝেং, ইয়াও ইয়াং, আন্দ্রেই রুবলেভ, নরওয়ের ক্যাসপার রুড।










