চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের সূচি নির্ধারিত হওয়ার পর থেকেই সবার চোখ ছিল জুভেন্টাস ও বার্সেলোনার মধ্যকার ম্যাচের দিকে।এই ম্যাচ দিয়েই লা লিগা যুগের পর ফের মুখোমুখি হবেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। কভিড-১৯ -এ আক্রান্ত হওয়ার কারণে তুরিনে প্রথম লেগের ম্যাচে মাঠে নামতে পারেননি রোনালদো। সেই ম্যাচে সহজ জয় তুলে নেয় বার্সা। ঘরের মাঠে হারের প্রতিশোধ নিতে রোনালদোর ফিরে আসার দিকেই যেন তাকিয়ে ছিল তারা। পাশাপাশি ন্যূ ক্যাম্পের সেই পুরোনো মেসি-রোনালদো দ্বৈরথ তো ছিলই। কিন্তু সেই দ্বৈরথে জুভেন্টাসের হয়ে প্রতিশোধ নিয়ে জিতলেন রোনালদো। ৩-০ গোলের জয়ে নিজেই করলেন জোড়া গোল। 

ঘরের মাঠে এদিন শুরু থেকেই চাপের মুখে ছিল বার্সা। রক্ষণ থেকে আক্রমণভাগ সব জায়গাতে ছিল সমন্বয়ের অভাব। এই সুযোগে রোনালদোর নেতৃত্বাধীন জুভ আক্রমণভাগ বারবার হানা দেয় বার্সার রক্ষণ দুর্গে। তেমনই এক আক্রমণে ডিবক্সের ভেতর ফাউলের শিকার হন রোনালদো। পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। স্পট কিকে গোল করে দলকে এগিয়ে দেন ‘সিআর সেভেন’। ২০ মিনিটে সেই ব্যবধান দ্বিগুন করেন ওয়েস্টন ম্যাককেনি। 

জোড়া গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে জুভেন্টাস। কিন্তু বার্সাকে ঘুরে দাঁড়ানোর কোন সুযোগ না দিয়েই আরো একটি পেনাল্টি গোলে দলকে এগিয়ে দেন রোনালদো। এরপর চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি ৩-০ গোলে হেরে গ্রুপ রানার্সআপ হওয়া বার্সা। 

একই রাতে গ্রুপ ‘এইচ’ এর ম্যাচে আরবি লিপজিগের কাছে হেরে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন প্রথমে ৩-০ গোলে পিছিয়ে পড়ে রেড ডেভিলরা। শেষ দিকে দুই গোল শোধ করে অবশ্য উত্তেজনা জমিয়ে দিয়েছিল। কিন্তু তাতেও হয়নি শেষ রক্ষা। বিদায় নিতে হয়েছে ৩-২ গোলে হেরে। এই গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে লিপজিগ ও পিএসজি। তবে অনাকাঙ্খিত এক ঘটনায় এদিন মাঠে বাতিল হয়েছে পিএসজি ও ইস্তাম্বুল বাসাকসেহিরের খেলা। চতুর্থ রেফারির বর্ণবাদী আচরণের কারণে খেলা থামিয়ে মাঠ ছাড়ে দু দল। আজ রাতে ম্যাচটি পুনরায় মাঠে গড়াবে। 

বিবিসি