অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক ব্রিসবেন টেস্ট খেলতে নেমেছিলেন ৪১২ উইকেট নিয়ে। বৃহস্পতিবার প্রথম দিন ৩ উইকেট নিয়ে পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরামকে (৪১৪ উইকেট) টপকে যান তিনি। প্রথম দিন নৈশভোজের সময় তার উইকেট ছিল ৪১৫টি, যা বামহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ। পরে ইংল্যান্ডের প্রথম ইনিংসে আরো ৩ উইকেট শিকার করেন এ গতিদানব। সব মিলিয়ে ইনিংসে তার শিকার ৬ উইকেট।
গতকাল পর্যন্ত ১০২ টেস্টে ২৬.৪৪ গড়ে ও ৩.৪২ ইকোনমি রেটে ৪২০ উইকেট শিকার করেছেন স্টার্ক। তিনি ৫ উইকেট নিয়েছেন ১৮ বার, ৪ উইকেট নিয়েছেন ২০ বার। গতকাল দ্বিতীয় ইনিংসে নেন ২ উইকেট।
এর বাইরে ১৩০ ওয়ানডেতে ২৪৭ উইকেট ও ৬৫ টি-টোয়েন্টি ম্যাচে ৭৯ উইকেট শিকার করেছেন ৩৫ বছর বয়সী স্টার্ক।
বামহাতি পেসারদের মধ্যে স্টার্ক ও ওয়াসিম আকরাম ছাড়া শ্রীলংকার চামিন্দা ভাস ১১১ টেস্টে ৩৫৫ উইকেট, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৭৮ টেস্টে ৩১৭ উইকেট, ভারতের জহির খান ৯২ টেস্টে ৩১১ উইকেট ও নিউজিল্যান্ডের নিল ওয়াগনার ৬৪ টেস্টে ২৬০ উইকেট শিকার করেছেন। এর বাইরে ২০০ উইকেট আর কোনো বামহাতি পেসারের নেই।
বামহাতি পেসার হিসেবে টেস্টে স্টার্কের কীর্তির দিনেই ব্যাট হাতে রাজসিক ইনিংস খেলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। স্টার্কের আগুনে বোলিংয়ের সামনেই ২০৬ বলে ১৩৮ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন রুট। ৩০ ইনিংসের চেষ্টায় এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে তিনি সেঞ্চুরি করতে পেরেছেন।
রুট এদিন তুলে নেন ক্যারিয়ারের ৪০তম সেঞ্চুরি। ৫১টি সেঞ্চুরি নিয়ে শীর্ষে শচীন টেন্ডুলকার। ৪৫টি সেঞ্চুরি নিয়ে জ্যাক ক্যালিস দুইয়ে ও রিকি পন্টিং ৪১টি সেঞ্চুরি নিয়ে তিনে অবস্থান করছেন। এর পরই রুট। টেস্ট রানে রুট রয়েছেন দ্বিতীয় স্থানে। রেকর্ড ১৫ হাজার ৯২১ রান করেছেন শচীন টেন্ডুলকার, ১৩ হাজার ৬৮৬ রান নিয়ে দুইয়ে রুট। চলতি সিরিজে টেন্ডুলকারের সঙ্গে ব্যবধান আরো কমিয়ে আনতে সমর্থ হবেন ৩৪ বছর বয়সী এ ডানহাতি ব্যাটার।
পার্থ টেস্টে হারের পর এবার ব্রিসবেনে ডে-নাইট টেস্টেও হারের শঙ্কায় পড়েছে ইংল্যান্ড। সফরকারী দলের ৩৩৪ রানের জবাবে গতকাল তৃতীয় দিন ৫১১ রান তুলে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। ১৭৭ রানের লিড পাওয়া অজিরা পরে সফরকারীদের ৬ উইকেট তুলে নিয়েছে। বেন স্টোকসের দল ৬ উইকেটে ১৩৪ রান তুলে তৃতীয় দিন মাঠ ছাড়ে। দুই ইনিংস মিলিয়ে তারা এখনো ৪৩ রানে পিছিয়ে। মিচেল স্টার্ক, মাইকেল নেসের ও স্কট বোল্যান্ড প্রত্যেকেই দুটি করে উইকেট নেন।
এর আগে ৬ উইকেটে ৩৭৮ রান নিয়ে গতকাল তৃতীয় দিন ব্যাট করতে নামা অজিরা ৫০০ রান তুলতে পেরেছে মিচেল স্টার্কের ব্যাটে ভর করে। বল হাতে ৬ উইকেট নেয়ার পর ব্যাট হাতেও তিনি নায়ক এবং করেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান। ১৪১ বল মোকাবেলায় ১৩ বাউন্ডারিতে এ রান করেন বামহাতি ব্যাটার স্টার্ক। এর আগে ৬৩ রান করেন অ্যালেক্স ক্যারি। ৪১৬ রানে ক্যারির বিদায়ের পর নবম উইকেটে স্কট বোল্যান্ডকে নিয়ে ১৬৫ বলে ৭৫ রান যোগ করেন স্টার্ক। এর মধ্যে তার একার অবদান ৫৮ রান, ১৫ রান করেন বোল্যান্ড।
অ্যাশেজে সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।









