মাউন্ট মঙ্গানুই টেস্টে আগামীকাল পঞ্চম ও শেষ দিন সফরকারী পাকিস্তানকে ৭ উইকেট হাতে নিয়ে করতে হবে ৩০২ রান। কিংবা হার এড়াতে চাইলে টিকে থাকতে হবে পুরোটা দিন।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৪৩১ রানের জবাবে পাকিস্তান সোমবার তৃতীয় দিন ২৩৯ রানে অলআউট হলে ১৯২ রানের লিড পায় কিউইরা। আজ সকালে ৫ উইকেটে ১৮০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এতে ৩৭৩ রানের চ্যালেঞ্জিং টার্গেটের সামনে পড়ে পাকিস্তান। এ চ্যালেঞ্জে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৭১ রান নিয়ে আজ চতুর্থ দিন শেষ করে অতিথি দলটি।
কঠিন টার্গেটে ব্যাটিংয়ে নেমে বেশ নড়বড়ে সূচনা করে পাকিস্তান। বোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই বিদায় নেন আবিদ আলি ও শান মাসুদ। দলীয় ৩৭ রানে বিদায় নেন হারিস সোহেলও। এরপর বুক চিতিয়ে লড়ে স্থিতি আনেন আজহার আলি (৩৪*) ও ফাওয়াদ আলম (২১*)। ২০ দশমিক ১ ওভার খেলে বোর্ডে ৩৪ রান যোগ করেন তারা। আজ এ দুজনের ব্যাটেই নির্ভর করছে পাকিস্তানের ভাগ্য।
আজ পাকিস্তানের শান মাসুদ ও হারিস সোহেলকে আউট করার মধ্য দিয়ে ‘৩০০’ উইকেটের মাইলফলকে পৌঁছেন কিউই পেসার টিম সাউদি। ২০০৮ সালে অভিষেক হওয়া সাউদি এ নিয়ে ৭৬ টেস্টে ৩০০ উইকেট শিকার করলেন। ক্রিকইনফো










