কোমরের
চোটে গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠিত একমাত্র টেস্ট থেকে শেষ মুহূর্তে
সরে দাঁড়ান তামিম ইকবাল। ওয়ানডে সিরিজের দলে ফিরলেও শতভাগ ফিট হয়ে ওঠেননি তিনি। নিজ
শহর চট্টগ্রামে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে তামিমকে নিয়ে অনিশ্চয়তা, ধোঁয়াশা। নিজেই
জানালেন, তিনি পুরোপুরি ফিট নন। তবু প্রথম ম্যাচে খেলবেন বলে জানালেন এই তারকা!
প্রথম
ওয়ানডে সামনে রেখে আজ মঙ্গলবার ছিল বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন। এতে ব্যাটিং-ফিল্ডিং
কোনোটিই করেননি দলনায়ক তামিম।
আজ
দুপুরে সংবাদ সম্মেলনে নিজের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘শরীর
আগের চেয়ে ভালো। তবে এটা বলব না যে, শতভাগ ঠিক আছি। কালকে খেলার পর আরো ভালো বুঝতে
পারব যে, কী অবস্থা। তবে এখন পর্যন্ত হলো, আমি কালকে খেলছি ইনশাআল্লাহ্।’
সামনে
বিশ্বকাপ বলেই সতর্ক থাকবেন তামিম। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮ হাজার ৩০০ রান
করা এই বামহাতি ব্যাটার বলেন, ‘দেখতে হবে যে, কতটা মানিয়ে নিতে পারছি বা পারছি না।
তবে আমি এরকম কোনো কাজ করব না, যেটায় দল ভুগবে। কারণ আমি সবসময় বলি, যে কোনো ব্যক্তির
চেয়ে দল আগে আসে। ম্যাচ চলাকালে যদি আমার মনে হয় যে, ঠিক প্রস্তুত নই বা এটি ঝুঁকিপূর্ণ
হতে পারে, তাহলে আমি ও মেডিক্যাল টিম মিলে সিদ্ধান্ত নেব। আপাতত আমি আগামীকালের ম্যাচের
জন্য ফিট। দেখা যাক, কালকে কী হয়।’
তামিম বাংলাদেশের কৃতী ব্যাটার। তিনি
ওয়ানডেতে ১৪টি সেঞ্চুরি ও ৫৬টি হাফসেঞ্চুরিতে ৩৬.৭২ গড়ে ৮ হাজার ৩০০ রান করেন।
এছাড়া দেশের হয়ে টেস্ট রানে দুইয়ে ও টি২০ রানে তিনে অবস্থান করছেন। তবে ৩৪ বছর বয়সী
তামিম ক্যারিয়ারের এই পর্যায়ে এসে ফিটনেস নিয়ে পড়েছেন চ্যালেঞ্জের মুখে। টি২০ থেকে
সরে দাঁড়িয়েছেন আগেই। এখন টেস্ট ও ওয়ানডে ক্রিকেট চালিয়ে গেলেও চোট তাকে নিয়মিত
খেলতে দিচ্ছে না। এখন নিজের শহর চট্টগ্রামে আফগান সিরিজে তিনটি ম্যাচেই তিনি খেলবেন
কিনা, সেটি পুরোপুরি নিশ্চিত নয়।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার দুপুর
২টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে ৮ জুলাই দ্বিতীয় ও ১১ জুলাই তৃতীয়
ম্যাচ। এরপর দুই দল চলে যাবে সিলেটে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ১৪ ও
১৬ জুলাই দুটি টি২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।










