ওয়ানডে ক্রিকেট ইতিহাস মাত্র দশম ও শ্রীলংকার
প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়লেন শ্রীলংকার পাথুম নিশাঙ্কা।
আজ পাল্লেকেলেতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে তিনি ১৩৯ বলের
মোকাবেলায় ২১০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তাতে শ্রীলংকা ৩ উইকেটে ৩৮১ রানের সৌধ গড়ে।
ওপেনিং জুটিতে আভিস্কা ফার্নান্দোকে নিয়ে ১৮২
ও তৃতীয় উইকেটে সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে আরেকটি শতরানের জুটি গড়েন পাথুম। এ পথে
৮৮ বলে ১০০ ও ১৩৬ বলে ২০০ রান পূর্ণ করেন তিনি। ২০টি চার ও ৮টি ছক্কায় ইনিংসটি সাজান
তিনি। এছাড়া ফার্নান্দো ৮৮ বলে ৮৮ ও সামারাবিক্রমা ৩৬ বলে ৪৪ রান করেন।
এটা ওয়ানডে ক্রিকেটের ১২তম আর যুগ্মভাবে পঞ্চম
সর্বোচ্চ ওয়ানডে স্কোর। তার সমান ২১০ রানের ইনিংস আছে ভারতের ইশান কিশানের। ২০২২ সালে
চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন ইশান।
২০১৪ সালে ইডেন গার্ডেনসে শ্রীলংকার বিপক্ষে
২৬৪ রানের দানবীয় ইনিংস খেলেছিলেন ভারতের রোহিত শর্মা। সেটিই ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ
ব্যক্তিগত স্কোর। রোহিতের আছে ২০৯ ও ২০৮ রানের আরো দুটি স্কোর।
এছাড়া নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ভারতের
বিরেন্দর শেবাগ, শুভমান গিল, শচীন টেন্ডুলকার, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, পাকিস্তানের
ফখর জামান ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল দুশর চূড়া ছুঁয়েছেন।










