অ্যাডিলেডে প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত ওয়েস্ট ইন্ডিজ ব্রিসবেনে দিবারাত্রির টেস্টেও পড়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে। মিচেল স্টার্কের গতি ঝড়ের কবলে পড়ে ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে বসে দলটি। এরপর কাভিম হজ ও জসুয়া দ্য সিলভার দুর্দান্ত লড়াইয়ে সম্মানজনক সংগ্রহ গড়তে সমর্থ হয় ক্যারিবিয়ানরা। ৮৯.৪ ওভারে ৮ উইকেটে ২৬৬ রান তুলে প্রথম দিন মাঠ ছাড়ে সফরকারীরা।

 

জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স যথাক্রমে ক্রেগ ব্র্যাথওয়েট ও কার্ক ম্যাকেঞ্জিকে সাজঘরে ফেরানোর পর টানা তিনটি উইকেট শিকার করেন স্টার্ক। ক্যারিবিয়ানদের সংগ্রহ তখন ৬৪/৫। সেখান থেকে অবিশ্বাস্য লড়াই গড়ে তোলেন হজ ও দ্য সিলভা। ৩১২ বলে ১৪৯ রানের অনবদ্য এক জুটিতে তারা দলের সংগ্রহ দুশ পার করিয়ে নেন।

 

এই জুটি ভাঙেন স্পিনার নাথান লায়ন। ২১৩ রানের মাথায় দ্য সিলভাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন অভিজ্ঞ স্পিনারটি। সিলভা ৯ বাউন্ডারিতে ১৫৭ বলে ৭৯ রান করেন। এর অল্প সময় পর হজকে ফেরান স্টার্ক। তিনি ১৯৪ বলে ৭১ রান করেন ৮টি চার ও ১টি ছক্কায়। টেলএন্ডার আলজার জোসেফ ও কেভিন সিনক্লেয়ার দলের রান আড়াইশ পার করান। জোসেফ ২২ বলে ৩২ রান করে হ্যাজেলউডের শিকার হন। সিনক্লেয়ার অপরাজিত আছেন ১৬ রানে।

 

৬৮ রানে ৪ উইকেট শিকার করে প্রথম দিনের সফলতম বোলার স্টার্ক। হ্যাজেলউড ৩২ রানে নেন ২টি উইকেট।