আইসিসি টি২০ বিশ্বকাপে আজ আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল নিউজিল্যান্ড। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান তোলে আফগানরা। ৮ উইকেট ও ১১ বল হাতে রেখে লক্ষ্যটা টপকে যায় কিউইরা। কেন উইলিয়ামসনের দলের এই জয়ে ভারতের সেমিফাইনালের আশাও শেষ হয়ে গেল। ফলে আগামীকাল নামিবিয়াকে হারালেও শেষ চারে ওঠা হবে না বিরাট কোহলিদের।

১২৫ রানের টার্গেটে নেমে দলীয় ২৬ রানে ড্যারিল মিচেল ও ৫৭ রানে মার্টিন গাপটিলকে হারায় নিউজিল্যান্ড। এরপর আর কোনো বিপদ হয়নি। কেন উইলিয়ামস (৪২ বলে ৪০*) ও ডেভন কনওয়ে (৩২ বলে ৩৬*) তৃতীয় উইকেট জুটিতে ৫৬ বলে ৬৮ রানে অবিচ্ছিন্ন থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।  

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১৯ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় আফগানিস্তান। ইনিংসের তৃতীয় ওভারেই অ্যাডাম মিলনে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন। দারুণ এক বাউন্সে মোহাম্মদ শাহজাদকে বোকা বানিয়ে উইকেটটি তুলে নেন এই পেসার। বাউন্সি বল হিট করলে উইকেটকিপার ডেভন কনওয়ে লাফিয়ে তিনবারের চেষ্টায় বলটি তালুবন্দী করেন। ২ রান করেন শাহজাদ। হজরতউল্লাহ জাজাই ৪, রহমানুল্লাহ গুরবাজ ৬, গুলবাদিন নায়েবের ব্যাট থেকে আসে ১৫ রান।

৫৬ রানে প্রথম সারির চার ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় আফগানিস্তান। ষষ্ঠ উইকেটে নাজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবীর ৫৯ রানের জুটি সে চাপ সামলে নেন। ৩৩ বলে টি২০ তে দ্বিতীয় ফিফটি তুলের নেন নাজিবুল্লাহ। ১১৫ রানের মাথায় নবীর উইকেট হারায় আফগানিস্তান। ২০ বলে ১৪ রান করেন আফগান অধিনায়ক। তার পিছু ধরে ফেরেন জাদরানও। বোল্টের শিকার হওয়ার আগে খেলেছেন ৪৮ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস। ৬টি চার ও ৩টি ছক্কার মার ছিল ইনিংসটিতে। শেষ পর্যন্ত ২০ ওভারে ১২৪ রান করতে সক্ষম হয় আফগানিস্তান। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট ৩টি ও টিম সাউদি ২টি উইকেট নেন।

এ ম্যাচের ওপর ঝুলে ছিল নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ভারতের সেমিফাইনাল ভাগ্য। তবে নিউজিল্যান্ডের জয়ে ছিটকে গেল আফগানিস্তান ও ভারত।