সিরিজের তৃতীয় ওয়ানডে সামনে রেখে চট্টগ্রাম জহুর আহমেদ
চৌধুরী স্টেডিয়ামে আজ সোমবার সকাল ১০টায় অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের। যদিও
বৃষ্টির কারণে স্বাগতিক দলের সেই অনুশীলন পণ্ড হয়েছে। আজ দুপুরে এক সংবাদ
বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিসিবি।
সফরকারী আফগানিস্তান দলের অনুশীলন করার কথা দুপুর ২টা
থেকে। অতিথিরা রয়েছে ফুরফুরে মেজাজে। টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করে ফেলেছে
হাশমতউল্লাহ শহিদির দল। রশিদ খান, মোহাম্মদ নবিরা তাই মঙ্গলবারের শেষ ম্যাচটিতে
হারলেও কোনো সমস্যা নেই।
ওয়ানডে সিরিজ শেষে রয়েছে দুই ম্যাচের টি২০ সিরিজ।
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৪ ও ১৬ জুলাই দুটি টি২০ ম্যাচ
অনুষ্ঠিত হবে।
গত মাসে ঢাকায় একমাত্র টেস্টে আফগানিস্তানকে রেকর্ড
৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে হারায় বাংলাদেশ। যদিও টেস্টের সেই ফর্ম সাদা বলের
ক্রিকেটে টেনে আনতে ব্যর্থ স্বাগতিকরা।
এই দুটি দল আগামী ৭ অক্টোবর ধর্মশালায় বিশ্বকাপের
ম্যাচে মুখোমুখি হবে। বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। বাংলাদেশ ও আফগানিস্তান উভয়ই সরাসরি
বিশ্বকাপে উত্তীর্ণ হয়েছে।










