আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্বের ড্র অনুষ্ঠান বর্জন করার ঘোষণা দিয়েছে ইরান। তেহরান টাইমস জানিয়েছে, ইরানের প্রতিনিধি দলের তিনজনকে যুক্তরাষ্ট্র ভিসা দিতে অস্বীকৃতি জানানোর পর দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

ইরানের প্রতিনিধি দলের মধ্যে চারজনের ভিসা দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। তারা হলেন জাতীয় দলের প্রধান কোচ আমির ঘালেনোয়ি, নির্বাহী পরিচালক মেহদি খারাতি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ওমিদ জামালি ও মুখপাত্র আমি মেহদি আলাভি। ফেডারেশন সভাপতি মেহদি তাজ, সহসভাপতি মেহদি নবী ও মেহদি মালেক-আবাদের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে।

ইরান ফুটবল ফেডারেশনের মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘আমরা ফিফাকে জানিয়েছি যে এ সিদ্ধান্তগুলোর সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক নেই এবং ইরানি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্বকাপ ড্রতে অংশ নেবে না।’

ইরানের ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ‘ভারজেশ ৩’ জানায় যে ফেডারেশনের সভাপতি মেহদি তাজসহ প্রতিনিধি দলের তিনজন সদস্যকে ভিসা দিতে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার তাজ এ সিদ্ধান্তকে সম্পূর্ণ রাজনৈতিক বলে তীব্র সমালোচনা করেন। তাজ বলেন, ‘আমরা ফিফাপ্রধান (জিয়ান্নি) ইনফান্তিনোকে জানিয়েছি যে এটি পুরোপুরি একটি রাজনৈতিক অবস্থান এবং ফিফাকে অবশ্যই যুক্তরাষ্ট্রকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে বলতে হবে।’

এটি হতে যাচ্ছে বিশ্বকাপে ইরানের টানা চতুর্থ ও সব মিলিয়ে সপ্তম অংশগ্রহণ। তবে এখন পর্যন্ত গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি দেশটি। বর্তমান সংকটের প্রেক্ষাপটে দেশটির আগামী বিশ্বকাপ খেলা নিয়েও দেখা দিয়েছে সংশয়।

আগামী বছর বিশ্বকাপের ২৩তম আসর বসছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ৪৮ দলের এ বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে।

নিউইয়র্ক টাইমস দাবি করেছে, নিষেধাজ্ঞা সুপারিশের খসড়া তালিকা তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা। তালিকায় ইরানসহ ১১ দেশকে লাল তালিকায় রাখার প্রস্তাব দেয়া হয়েছে। এই ১১ দেশের নাগরিকদের কোনোভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হবে না। অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নিষেধাজ্ঞা সুপারিশ হোয়াইট হাউজে পৌঁছার পর এবং ট্রাম্পের অনুমোদন পাওয়ার আগে তালিকায় পরিবর্তন আসতে পারে। নিষেধাজ্ঞার তালিকায় ইরানের কোনো খেলোয়াড় থাকলেই বড় সংকট তৈরি হতে পারে।