শীর্ষ টি-টোয়েন্টি লিগে প্রথমবারের মতো বাবা ও ছেলে হিসেবে একত্রে খেলার কীর্তি গড়লেন আফগানিস্তানের মোহাম্মদ নবি ও হাসান ইসাখিল। গতকাল রাতে সিলেটে বিপিএল ম্যাচে দুজন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালীকে জিততে সাহায্য করেছেন।
চলতি বিপিএলে শুরুতে টানা ছয় ম্যাচ হেরে বসা নোয়াখালী এক্সপ্রেস এবার টানা দুই ম্যাচ জিতে নিল। গতকাল সিলেটে রাতের ম্যাচে ঢাকাকে ৪১ রানে হারিয়েছে তারা। আগে ব্যাটিংয়ে নেমে ইসাখিল (৬০ বলে ৯২) ও সৌম্য সরকারের (২৫ বলে ৪৮) দুর্দান্ত প্রদর্শনীতে ৭ উইকেটে ১৮৪ রান তোলে নোয়াখালী। এ দুজন ৯.২ ওভারে ১০১ রান তুলে নেয়ার পর নির্বিঘ্নেই দেড়শ পেরিয়ে যায় নোয়াখালী। নবি ও তার পুত্র ইসাখিল ৩০ বলে ৫৩ রানের জুটি গড়ে দলকে ভালো সংগ্রহ এনে দিতে ভূমিকা রাখেন। জবাব দিতে নেমে ঢাকা গুটিয়ে যায় ১৪৩ রানে।










