আলভারো মোরাতার শেষ মুহূর্তের গোলে সুইডেনকে ১-০ ব্যবধানে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল স্পেন। এ নিয়ে টানা ১২তম বিশ্বকাপে উত্তীর্ণ হলো ইউরোপের এ দলটি। ১৯৭৪ সাল থেকে কখনো বিশ্বকাপে অনুপস্থিত থাকেনি ‘লা রোজা’রা। স্পেনের কাছে হেরে সুইডেনকে খেলতে হবে প্লে-অফ ম্যাচ। বিদায়ের ঝুঁকিতে ইউরোপের অন্যতম সেরা দল পর্তুগাল, তাদেরও খেলতে হবে প্লে-অফ।
ম্যাচের ৮৬ মিনিটে স্পেনের দানি ওলমোর শট রুখতে দিয়ে ক্রসবারে লাগান সুইডেনের গোলকিপার রবিন ওলসেন, ফিরতি বলে মোরাতা আলতো টোকায় গোল আদায় করে নেন।
এই ম্যাচে লুই এনরিকের দলের মাত্র এক পয়েন্ট প্রয়োজন ছিল, অন্যদিকে সুইডেনের প্রয়োজন ছিল জয়। কিন্তু ঘরের মাঠে সুইডেনের কাছে পা হড়কায়নি স্প্যানিশদের। এই জয়ে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে স্পেন উঠে গেল বিশ্বকাপের মূল পর্বে। ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা সুইডেন আরেকটি সুযোগ পাবে কাতার বিশ্বকাপের জন্য। সেক্ষেত্রে মার্চে প্লে-অফ ম্যাচে জিততে হবে তাদের।
এদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে হতাশার সাগরে ভাসিয়ে ‘এ’ গ্রুপ থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট কাটল সার্বিয়া। রোববার রাতের ম্যাচে ফুলহাম স্ট্রাইকার আলেক্সান্ডার মিত্রোভিচ ৯০ মিনিটে গোল করে সার্বিয়াকে বিশ্বকাপে তুলেছেন।
ম্যাচের দ্বিতীয় মিনিটে রেনাতো সানচেজের গোলে লিড নেয় পর্তুগাল। ৩৩ মিনিটে দুসান তাদিচের গোলে সমতা আনে সার্বিয়া। এরপর ৮৯ মিনিট পর্যন্ত সমতা ছিল। এ অবস্থায় খেলা শেষ হলেও পর্তুগালই বিশ্বকাপের টিকিট পেত। কেননা দুই দলেরই ঝুলিতে ছিল ১৭ পয়েন্ট এবং গোল ব্যবধানে পর্তুগিজরা বেশ এগিয়ে ছিল। কিন্তু শেষ মিনিটে সার্বিয়ার ত্রাতা আর পর্তুগালের আতঙ্ক হয়ে এলেন মিত্রোভিচ। এ পরাজয়ে পর্তুগালকে এখন প্লে-অফ পরীক্ষায় পাস করে তবেই যেতে হবে কাতার বিশ্বকাপে।
পর্তুগালের মতোই ভাগ্য বরণ করতে হলো রাশিয়াকে। ‘এইচ’ গ্রুপে দুই পয়েন্টে এগিয়ে থাকা রাশিয়ার শুধু ড্র করলেই চলতো। কিন্তু ক্রোয়েশিয়ার সঙ্গে সমতায় থাকা ম্যাচে ৮১ মিনিটে আত্মঘাতী গোল করে নিজেদের সর্বনাশ ডেকে আনে রাশিয়া। ১-০ গোলের জয়ে ক্রোয়েশিয়া উঠে যায় বিশ্বকাপে, আর রাশিয়াকে খেলতে হবে প্লে-অফ। ১০ ম্যাচে ক্রোয়েশিয়ার পয়েন্ট ২৩, আর রাশিয়ার ২২।
এদিকে আগের ম্যাচেই বিশ্বকাপে উত্তীর্ণ হওয়া জার্মানি রোববার রাতে ৪-১ গোলে হারিয়েছে আর্মেনিয়াকে। জার্মান হ্যানসি ফ্লিকের এটা টানা সপ্তম জয়।










