যুক্তরাষ্ট্রের টিনএজ কোকো গাফ গত বছর ইউএস ওপেন জিতেছেন। সেই ফর্ম ধরে রেখেছেন নতুন বছরেও। ইউক্রেনের এলিনা সভিতোলিনাকে হারিয়ে তিনি অকল্যান্ড ক্ল্যাসিকের শিরোপা ধরে রাখলেন। আমেরিকান তারকা আজ রোববার ফাইনালে ৬-৭ (৪/৭), ৬-৩, ৬-৩ গেমে হারান সভিতোলিনাকে। ক্যারিয়ারে অষ্টমবারের মতো ডাব্লিউটিএ এককের ফাইনাল খেলে সাতটিতেই জিতলেন তিনি।

 

সর্বশেষ ৩৩ ম্যাচের মধ্যে ২৯টিতেই জিতলেন ১৯ বছর বয়সী কোকো গাফ। ফলে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনেও তিনি অন্যতম ফেভারিট। ১৪ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন।

 

আজ জয় শেষে কোকো বলেন, ‘ক্যারিয়ারে এই প্রথম কোনো শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জের মুখে পড়ি আমি। শিরোপা জিততে পেরে আমি অত্যন্ত আনন্দিত। অবিশ্বাস্য একটি সপ্তাহের জন্য আমি এলিনা ও তার টিমকেও ধন্যবাদ জানাই। একজন মা হিসেবে তার এতটা দ্রুত এই পর্যায়ে ফিরে আসাটা সত্যিই উৎসাহব্যঞ্জক।’

 

পরে এক প্রশ্নের মুখে তিনি বলেন, ‘আশাকরি, খুব সহসাই আমি তোমার মতো এমনটি করতে যাচ্ছি না।’

 

এদিকে, ব্রিসবেন ইন্টারন্যাশাল টুর্নামেন্টের শিরোপা জিতলেন কাজাখস্তানের এলিনা রিবাকিনা। তিনি সরাসরি সেটে হারান বেলারুশিয়ান খেলোয়াড় আরিনা সাবালেঙ্কাকে।


 

এটা ছিল গতবারের অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালের পুনরাবৃত্তি। সেবার ফাইনালে রিবাকিনার কাছে প্রথম সেট হেরেও শেষ পর্যন্ত টানা দুই সেট জিতে শিরোপার স্বাদ পান সাবালেঙ্কা। সেটাই ছিল তার প্রথম গ্র্যান্ডস্লাম। কিন্তু এবার তাকে ৬-০, ৬-৩ গেমে উড়িয়ে দিয়ে ব্রিসবেনের শিরোপা জিতলেন রিবাকিনা।