এএফসি এশিয়া কাপ ফুটবলের
শেষ ষোলোয় আজ স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত দেশ ফিলিস্তিন।
কাতারের বিশ্বকাপ ভেন্যু আল বাইত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় এই ম্যাচটি অনুষ্ঠিত
হবে। আজ সন্ধ্যায় আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শেষ ষোলোর আরেক ম্যাচে
লড়বে মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরাক ও জর্ডান।
এবারের এশিয়া কাপের শেষ
ষোলোয় উঠেছে তাজিকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, জর্ডান, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া,
সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, ইরান, সিরিয়া, বাহরাইন, জাপান, কাতার, ফিলিস্তিন, উজবেকিস্তান
ও থাইল্যান্ড। এরই মধ্যে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে অস্ট্রেলিয়া ও তাজিকিস্তান।
রোববার রাতে অস্ট্রেলিয়া ৪-০ গোলে ইন্দোনেশিয়াকে ও তাজিকিস্তান টাইব্রেকারে সংযুক্ত
আরব আমিরাতকে হারিয়ে শেষ আটে ওঠে।
গ্রুপ পর্বে চমক দেখায়
ফিলিস্তিন। তারা ‘সি’ গ্রুপে ইরান, আরব আমিরাত ও হংকংয়ের সঙ্গে। আরব আমিরাতের সঙ্গে
ড্র করার পর হংকংকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপে তৃতীয় হয়। ছয় গ্রুপের ছয়টি তৃতীয় স্থানধারী
দলের মধ্যে চারটি পেয়েছে নকআউটের টিকিট, যার একটি ফিলিস্তিন। এই প্রথশ তারা উঠেছে নকআউটে।
ফিলিস্তিনের ভূখণ্ড গাজায়
চলছে ইসরায়েল-হামাস যুদ্ধ। ইসরায়েলি বোমায় ক্ষতবিক্ষত দেশের মানুষকে একটুখানি প্রশান্তি
এনে দিতে সবকিছুই করতে চাইবেন ফিলিস্তিন দলের খেলোয়াড়রা। এটা জেনে সতর্ক হয়েই খেলবে
কাতার।
আল বাইত স্টেডিয়ামে আজ
অভূতপূর্ব দৃশ্যের অবতারণা ঘটবে। ২০২২ বিশ্বকাপের এই ভেন্যুটিতে ৬০ হাজারেরও বেশি দর্শক
সমাগম ঘটবে, যার প্রায় সবাই কাতারকে সমর্থন করার পাশপাশি ফিলিস্তিনের জন্যও ভালোবাসা
প্রদর্শন করবেন। এমন আবহ নিয়ে ফিলিস্তিন স্ট্রাইকার তামের সিয়াম বলেন, ‘এই প্রথম এশিয়া
কাপে সমর্থকরা দুই দলকেই সমর্থন করবেন। এটা হবে ফুটবলের উদযাপন, তবে মাঠে ঠিকই প্রতিদ্বন্দ্বিতা
থাকবে।’
ফিলিস্তিন কোচ মাকরাম
দাবুব মনে করেন, চাপটা কাতারের ওপরই বেশি থাকবে। তিনি বলেন, ‘আমরা আমাদের মূল লক্ষ্য
অর্জন করেছি, এখন আর কোনো চাপ নেই। আমরা এখন নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করব, ৯০ মিনিটে
যেকোনো হতে পারে।’
কাতার রয়েছে দুর্দান্ত
ফর্মে। এশিয়ান কাপে টানা ১০ ম্যাচ জিতেছে তারা। ২০১৯ সালে শিরোপা জয়ের পথে টানা সাত
ম্যাচ ও এই আসরে এখন পর্যন্ত তিনটি জয় তুলে নেয় দলটি।
এরপরও কাতার কোচ মারকেজ
লোপেজ আজ প্রতিপক্ষ হিসেবে ফিলিস্তিনকে কোনোভাবেই ছোট করে দেখতে চান না। তিনি বলেন,
‘ফুটবলে সহজ ম্যাচ বলে কিছু নেই, বিশেষ করে এ ধরণের টুর্নামেন্টে তো নয়ই। আমরা দেখেছি
ফিলিস্তিনিরা খুব সাহসিকতার সঙ্গে শক্তিশালী ফুটবল খেলেছে। আমরা তাদের সামর্থ্য সম্পর্কে
জানি এবং আমরা নিজেদের সেরাটাই খেলার চেষ্টা করব। একটি দল হিসেবে তাদের প্রতি আমাদের
অনেক সমীহ থাকবে, কিন্তু জয়ের জন্য সবকিছুই আমরা করব।’










