প্রথমে এক গোল হজম করেও শেষ পর্যন্ত গিনিকে ৩-১ গোলে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের সেমিফাইনালে পৌঁছে গেল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। এর আগে তারা শেষ ষোলোয় বিদায় করে সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন মিসরকে।
আইভরি কোস্টে চলমান আসরে শুক্রবার রাতের কোয়ার্টার ফাইনালে ২০ মিনিটে পেনাল্টি থেকে মোহাম্মদ বায়োর গোল করে গিনিকে এগিয়ে দেন। এর ৭ মিনিট পর সমতা আনেন মানগুলু এমবেম্বা। ইওয়ান উইসা ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করে কঙ্গোকে ২-১-এ এগিয়ে নেন। ৮২ মিনিটে তৃতীয় গোল করে কঙ্গোর জয় নিশ্চিত করেন আর্থার মাসুয়াকু। এদিন মাত্র ৩৭ শতাংশ বল দখলে রেখেও তিন তিনটি গোল করে ডিআর কঙ্গো!
২০১৫ সালের আসরে তৃতীয় হয়েছিল ডিআর কঙ্গো। মধ্য আফ্রিকার দলটি আরেকটি সেমিফাইনালে খেলার প্রস্তুতি নিচ্ছে।
সেমিফাইনালে উঠেছে আফ্রিকার ‘সুপার ঈগল’খ্যাত দল নাইজেরিয়াও। শুক্রবার রাতে তারা ১-০ গোলে হারায় অ্যাঙ্গোলাকে। আদেমোলা আইলোলা লুকম্যান ৪১ মিনিটে নাইজেরিয়ার জয়সূচক গোলটি করেন।
গতকাল রাতে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক আইভরি কোস্টের মুখোমুখি হয় মালি, আরেক কোয়ার্টার ফাইনালে কেপ ভার্দের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। কঙ্গোর সামনে পড়বে আইভরি কোস্ট কিংবা মালি, আর নাইজেরিয়া সামনে পেতে পারে কেপ ভার্দে কিংবা দক্ষিণ আফ্রিকাকে। আগামী ৭ ফেব্রুয়ারি দুটি সেমিফাইনাল, আর ফাইনাল ১১ ফেব্রুয়ারি।










