কোপা আমেরিকায় শনিবার সকালে কোয়ার্টার ফাইনালে চিলির মুখোমুখি হবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টায়।
স্বাগতিকরা ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে। যদিও শেষ ম্যাচে একুয়েডরের সঙ্গে ড্র দিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে তিতের দল। অন্যদিকে তাদের প্রতিপক্ষ চিলি শেষ গ্রুপ ম্যাচে প্যারাগুয়ের কাছে ২-০ গোলে হারের লজ্জা পেলেও কোনোমতে চতুর্থ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠতে সমর্থ হয়েছে। দুই দলের সামনেই তাই ঘুরে দাঁড়ানোর মিশন।
গ্রুপ পর্বে টানা তিন জয় তুলে নেয় ব্রাজিল। তিতের দল প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষকে রীতিমতো গুঁড়িয়ে দেয়। ভেনেজুয়েলাকে ৩-০ গোলে ও পেরুকে ৪-০ গোলে হারায় সেলেসাওরা। শেষ দুই ম্যাচে প্রতিপক্ষ দলগুলো বেশ পরীক্ষাই নেয় ব্রাজিলের। তৃতীয় ম্যাচে কলম্বিয়ার সঙ্গে তো তারা হারতে হারতে জিতেছে। ১০ মিনিটে গোল হজম করা ব্রাজিল ৭৮ মিনিটে সমতা আনার পর যোগ করা সময়ের দশম মিনিটে জয়সূচক গোল পায়। শেষ ম্যাচে ব্রাজিলকে হতাশ করে এক পয়েন্ট আদায় করে নেয় একুয়েডর।
অন্যদিকে আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে এবারের কোপা শুরু হয় চিলির। এরপর বলিভিয়াকে ১-০ গোলে হারাতে পারলেও পরের ম্যাচেই উরুগুয়ের সঙ্গে ফের ড্র করে দলটি। আর শেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে লজ্জাজনক হার। এরপরও ৪ ম্যাচে ৫ পয়েন্ট তুলে নিয়ে গ্রুপের চতুর্থ দল হিসেবে নকআউটে উঠতে পেরেছে চিলি।
ঘরের মাঠে আসর বলে নেইমারদের ওপর ব্রাজিল সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। এ কারণেই কাল কোয়ার্টার ফাইনালে স্বরূপে ফিরতে পারে সেলেসাওরা। অন্যদিকে চিলিও গ্রুপ পর্বের শেষ দিকে হতাশা ঝেড়ে ফেলে নকআউটে চাইবে নিজেদের সেরাটা নিংড়ে দিতে। কেননা প্রতিপক্ষের নাম যে ব্রাজিল।
এমন বড় আসরে চিলির সক্ষমতাও কারো অজানা নয়। ২০১৫ ও ২০১৬ সালে টানা দুটি কোপা আমেরিকায় শিরোপা জিতে নেয় চিলি। দুটি আসরেই ফাইনালে তারা হারায় আর্জেন্টিনাকে। সেই চিলির ঘুরে দাঁড়ানো কেবল সময়ের ব্যাপার, আর টুর্নামেন্ট ফেভারিট দলের বিপক্ষে অঘটন ঘটানোর সামর্থ্যও মার্টিন লাসার্তের দলের ভালোই রয়েছে। বড় তারকা অ্যালেক্সিজ সানচেজ চোটের কারণে না থাকায় শক্তি অনেকটা কমে গেছে তাদের।
ইতিহাস অবশ্য ব্রাজিলেরই পক্ষে। চিলির সঙ্গে মুখোমুখিতে অনেক এগিয়ে ব্রাজিল। ৫১ জয়ের বিপরীতে মাত্র ১৩টিতে হেরেছে ব্রাজিল, ড্র হয়েছে ৮টি। কোপায় ১৪ জয়ের বিপরীতে মাত্র তিনটিতে হেরেছে ব্রাজিল, ড্র হয়েছে তিনটি।
শনিবার দিবাগত রাত তিনটায় রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে মুখোমুখি হবে কলম্বিয়ার, রোববার সকাল ৭টায় ১৪ বারের চ্যাম্পিন আর্জেন্টিনা খেলবে একুয়েডরের বিপক্ষে।










