বাংলাদেশ প্রিমিয়ার লিগে
(বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রংপুর রাইডার্সের জয়ের নায়ক আফগান অলরাউন্ডার
আজমতুল্লাহ ওমরজাই। ব্যাট হাতে ২০ বলে ৩৬ রান করার পর বল হাতে নেন দুই উইকেট। সিলেটে
আজ মঙ্গলবার জমজমাট ম্যাচে রংপুর জিতেছে ৮ রানে। এই জয়ে কুমিল্লাকে টপকে পয়েন্ট টেবিলের
তিনে উঠে গেছে রংপুর। ৫ ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার
৪ ম্যাচে ৪ পয়েন্ট।
আগে ব্যাট করতে নেমে ৫
উইকেটে ১৬৫ রান তোলে রংপুর। শুরুতে নড়বড়ে ছিল রংপুর। তারা পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে
৪৭ রান তুলতে সমর্থ হয়। দলটি ১০০ রান পায় ৯২ বলে। পরের ৬৫ রান আসে ২৮ বলে। ওমরজাই ৩টি
চার ও ২টি ছক্কায় ৩৬, নুরুল হাসান ৬ বলে ১৫ ও মোহাম্মদ নবি ৭ বলে ১৩ রান করে দলকে সম্মানজনক
সংগ্রহ এনে দেন। এর আগে বাবর আজম ৩৬ বলে ৩৭ ও ফজলে মাহমুদ ২১ বলে ৩০ রান করে দলের ভিতটা
গড়ে দেন।
রান তাড়া করতে নেমে ইনিংসের
তৃতীয় বলেই লিটন দাসের উইকেট হারায় কুমিল্লা। ডানহাতি এই ব্যাটারকে বাবর আজমের ক্যাচ
বানিয়ে সাজঘরে ফেরান ওমরজাই। এরপর রিজওয়ান ও মহীদুল ইসলাম অঙ্কনের ব্যাটে ভর করে দলটি
বিপর্যয় সামাল দিলেও রান তোলার গতি কমে যায়। ৬০ রান তুলতেই শেষ হয়ে যায় ১০ ওভার। এরপর
অঙ্কন (৫৫ বলে ৬৩) ও তাওহিদ হৃদয় (২৮ বলে ৩৯) চেষ্টা করেছেন বটে, তবে রানের বড় ঘাটতি
আর কাটিয়ে উঠতে পারেনি কুমিল্লা।
শেষ ওভারে ২৯ রানের প্রয়োজন
ছিল কুমিল্লার। প্রথম বলটি ওয়াইড হলেও পরে টানা দুই বলে তাওহিদ ও আমির জামাল আউট হয়ে
যান। তাওহিদ হন রানআউট, আর আমির জামাল সীমানার কাছে বাবরকে ক্যাচ দেন। তখন তাদের কাজটা
অসম্ভব হয়ে দাঁড়ায়। জাকের আলী শেষ চার বল থেকে ১৮ রান তুলে নিলে হারের ব্যবধান কমাতে
সমর্থ হয় কুমিল্লা।
আজ সন্ধ্যায় মুখোমুখি
হবে সিলেট স্ট্রাইাকার্স ও ফরচুন বরিশাল।










