ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে টাইটেল স্পন্সরশিপ চুক্তিটা পাঁচ বছর বাড়িয়েছে টাটা। আড়াই হাজার কোটি রুপিতে (প্রায় ৩০ কোটি ১০ লাখ ডলার) ২০২৪ থেকে ২০২৮ পর্যন্ত চুক্তি নবায়ন করল কোম্পানিটি।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে বলেছে, আইপিএলের ইতিহাসে স্পন্সরশিপে এত বেশি টাকা আর কেউই কখনো দেয়নি।
টাটা গ্রুপ ২০২২ ও ২০২৩ সালেও ছিল আইপিএলের সঙ্গে। এছাড়া তারা উইমেন্স প্রিমিয়ার লিগেরও টাইটেল স্পন্সর।
আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমাল টাটার সঙ্গে চুক্তি নিয়ে বলেন, ‘২০২৪-২৮ সময়ের জন্য আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে টাটার সঙ্গে যুগলবন্দিটা আইপিএলের যাত্রায় এক মাইলফলক। টাটার দেয়া আড়াই হাজার কোটি রুপি প্রমাণ করে বিশ্বব্যাপী ক্রীড়ায় আইপিএলের আবেদন কতটা বেশি। নজিরবিহীন এই অংকটা লিগটির ইতিহাসে একটি বেঞ্চমার্ক তো বটেই, সেই সঙ্গে বৈশ্বিক ক্রীড়ায় এর শক্ত অবস্থানেরও জানান দেয়। ক্রিকেট ও ক্রীড়ায় টাটা গ্রুপের অঙ্গীকার প্রশংসনীয় এবং তাদের সঙ্গে নিয়ে আমরা অতুলনীয় ক্রিকেট বিনোদন উপহার দিতে সক্ষম হব এবং আইপিএল পৌঁছবে নতুন উচ্চতায়।’
গত দুই মৌসুমে ভিভোর জায়গা নেয় টাটা গ্রুপ। ২০২০ সালের জুনে চীনের সঙ্গে ভারতের রাজনৈতিক টানাপড়েন ও উত্তেজনা শুরু হলে চীনা কোম্পানি ভিভোর সঙ্গে সাময়িকভাবে সম্পর্কের ইতি টানে বিসিসিআই। কোম্পানিটি ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত আইপিএলের টাইটেল স্পন্সরশিপ কিনেছিল ২ হাজার ১৯৯ কোটি রুপিতে। ২০২০ সালে ভিভোর জায়গা নেয় ড্রিম ইলেভেন। ২০২১ সালে আবার ফিরে আসে ভিভো।
২০১৮-২২ মৌসুমের জন্য ভিভো যে অর্থ দিয়েছিল তার চেয়ে ১৩.৭ শতাংশ বেশি অর্থ দিয়ে পরবর্তী পাঁচ বছরের টাইটেল স্পন্সরশিপ পেল টাটা গ্রুপ।
২০২৪ সালের আইপিএল শুরু হবে ২২ মার্চ, শেষ হবে মে মাসের শেষ দিকে। এরপরই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাঠে শুরু হবে আইসিসি টি২০ বিশ্বকাপ।










