বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন কভিড-১৯ পজিটিভ হয়েছেন। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
৪৯ বছর বয়সী সুজন সম্প্রতি শ্রীলংকায় টেস্ট সফরে বাংলাদেশ দলের পরিচালক ছিলেন এবং আগামীকাল শ্রীলংকার বিপক্ষে দেশের মাটিতে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজেও একই ভূমিকায় থাকার কথা ছিল তার। একইসঙ্গে তিনি ঢাকা প্রিমিয়ার লিগেও একটি দলের কোচ, যা শুরু হওয়ার কথা ৩১ মে।
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, শ্রীলংকা থেকে ফেরার পর দুই দফায় কভিড-১৯ নেগেটিভ হয়েছেন সুজন, যদিও সর্বশেষ তিনি পজিটিভ হয়েছেন। ঈদের ছুটি শেষে ১৮ মে অনুশীলন শুরু করে বাংলাদেশ দল, এ সময় সুজন দলের সঙ্গে যোগ দেননি।
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে বাংলাদেশ দল বর্তমানে একটি জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছে।
বাংলাদেশ টেস্ট দলের তৃতীয় অধিনায়ক সুজন ১৯৯৮ থেকে ২০০৬ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন। তিনি ১২টি টেস্ট ও ৭৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে অঘটন সৃষ্টি করার ম্যাচে তিনি হয়েছিলেন সেরা খেলোয়াড়। অবসরের পর তিনি কোচিং পেশায় নাম লেখান এবং ২০১৩ সাল থেকে বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।










