খুলনা টাইগার্সের জয়ে
ও রংপুর রাইডার্সের হার দিয়ে শুরু হলো দশম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট
পর্ব। আজ শুক্রবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুপুরের ম্যাচে রংপুরকে
২৮ রানে হারিয়ে দেয় খুলনা। চলতি আসরে তিন ম্যাচ খেলে সবগুলোতেই জয় পেল দলটি। আর রংপুরের
এটা তিন ম্যাচে দ্বিতীয় হার।
সিঙ্গাপুরে চোখের চিকিৎসা
করিয়ে বৃহস্পতিবার রাতে সিলেটে দলের সঙ্গে যোগ দেয়া সাকিব আল হাসান আজ রংপুরের হয়ে
ম্যাচ খেলতে নামেন। যদিও অভিজ্ঞতা সুখকর হলো না। হেরেছে তার দল। সাকিবকে নিয়ে দুই ম্যাচ
খেলে দুটিতে হেরেছে রংপুর, তাদের একমাত্র জয়ের ম্যাচে খেলেননি সাকিব! আজ বল হাতে চার
ওভারে ২১ রান দিয়ে তিনি ছিলেন উইকেটশূন্য, ব্যাট হাতে ৪ বলে করেন ২ রান।
এ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে
নামা খুলনা দ্বিতীয় ওভারের প্রথম বলেই হারায় অধিনায়ক এনামুল হক বিজয়কে। শেখ মেহেদী
হাসানের বলে সীমানার কাছে রনি তালুকদারকে ক্যাচ দেন তিনি। প্রথম ওভারে মাত্র ২ রান
দেন আফগান পেসার আজমতুল্লাহ ওমরজাই। পরের ওভারে আক্রমণে এসেই সাফল্য পান মেহেদী হাসান।
দলীয় ৬৪ রানের মধ্যে সাজঘরের
পথ ধরেন মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ও এভিন লুইসও। দলের বিপর্যয়ে হাল ধরেন দুই বিদেশি
দাসুন শানাকা (৩৩ বলে ৪০) ও মোহাম্মদ নওয়াজ (৩৪ বলে ৫৫)। তাদের ৭৭ রানের পার্টনারশিপে
ভর করে ৬ উইকেটে ১৬০ রানের পুঁজি পায় খুলনা। রংপুরের হাসান মাহমুদ ২০ রানে তিনটি ও
মেহেদী হাসান ২০ রানে দুটি উইকেট নেন।
জবাব দিতে নেমে ব্যাটিং
বিপর্যয়ে পড়া রংপুর ১৮.৪ ওভারে ১৩২ রানে গুটিয়ে যায়। আফগান তারকা মোহাম্মদ নবির লড়াকু
ফিফটির (৩০ বলে ৫০) পরও হেরে যায় রংপুর। শানাকা ১৬ রানে চারটি এবং নওয়াজ ১৩ রানে ও
মোহাম্মদ ওয়াসিম ৩১ রানে দুটি করে উইকেট নেন। অলরাউন্ড নৈপুন্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন
শ্রীলংকার দাসুন শানাকা।
ঢাকায় প্রথম পর্ব শেষে
পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করে খুলনা টাইগার্স। আজ জয় পাওয়ায় ৬ পয়েন্ট নিয়ে টেবিলের
শীর্ষস্থান সংহত করল দলটি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের
দুইয়ে।
আজ সন্ধ্যার ম্যাচে মুখোমুখি
হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।










