তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ইস্যুতে বিশ্বকাপের আগে উত্তাল ছিল বাংলাদেশের ক্রিকেট। সাকিবের কাছে প্রথমে নেতৃত্ব ও পরে দলেও জায়গা হারান তামিম। এ নিয়ে অনেক নাটকীয়তা হয়। যার নেতিবাচক প্রভাব পড়ে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সেও। সেই থেকে এই দুজনের সম্পর্কটা তলানিতে গিয়ে ঠেকে। ওই ঘটনার পর আজ ফের মাঠে দেখা দুজনের এবং দুজন ছিলেন ভিন্ন দলে। বিপিএলে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিতে প্রস্তাবে রাজি হননি সাকিব। নইলে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস করতে সামনাসামনি হতেন দুজন। সেটি করতে না হলেও মাঠে ঠিকই মুখোমুখি হলেন এবং এই লড়াইয়ে জিতলেন তামিম।

সাকিবের রংপুরকে ৫ উইকেটে হারিয়ে এবারের আসরে শুভসূচনাই করল ফরচুন বরিশাল। টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। পেসার খালেদ আহমেদ (৪/৩১) এবং স্পিনার মেহেদী হাসান মিরাজ (২/১৩) ও দুনিত বেলালাগের (১/১৭) দুরন্ত বোলিংয়ের মুখে রংপুর ৯ উইকেটে ১৩৪ রান তুলতে সমর্থ হয়। শামীম হোসেন ৩৪, শেখ মেহেদী হাসান ২৯ ও নুরুল হাসান ২৩ রান করেন। সাকিব ৩ বলে করেন ২ রান। জবাব দিতে নেমে ৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।

বরিশাল অধিনায়ক তামিম সর্বোচ্চ ৩৫ রান করেন ২৪ বলের মোকাবেলায়। এছাড়া মুশফিকুর রহিম ২৬, মিরাজ ২০, মাহমুদউল্লাহ ১৯ ও শোয়েব মালিক ১৭ রান করেন। সাকিব ৪ ওভারে ১৬ রান দিয়ে দুটি ও হাসান মুরাদ ৪ ওভারে ১৭ রান দিয়ে দুটি উইকেট নেন।  

আজ সন্ধ্যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে। চট্টগ্রাম শুক্রবার প্রথম ম্যাচে হারিয়ে দেয় সিলেট স্ট্রাইকার্সকে।