বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশ টেস্ট খেলার কীর্তি গড়তে যাচ্ছেন মুশফিকুর রহিম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকাল বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে বাংলাদেশ, যেটি হতে যাচ্ছে ৩৮ বছর বয়সী মুশফিকের শততম ম্যাচ। শততম টেস্ট ম্যাচ উপলক্ষ্যে মুশফিকের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রেখেছে নানা আয়োজন।
এদিন সকাল সাড়ে ৯টায় প্রথম দিনের খেলা শুরু হবে। তার আগে সকাল ৯টা ১৬ মিনিট থেকে রয়েছে মুশফিককে নিয়ে নানা আনুষ্ঠানিকতা। প্রথমেই বাংলাদেশ দলের খেলোয়াড়রা মাঠে নেমে সারিবদ্ধভাবে দাঁড়োবেন। এরপর মুশফিককে বিশেষ টেস্ট ক্যাপ পরিয়ে দেবেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, যিনি ২০০৫ সালে ইংল্যান্ডের লর্ডসে মুশফিককে অভিষেক টেস্ট ক্যাপ পরিয়েছিলেন। বাংলাদেশের প্রথম টেস্ট খেলোয়াড় আকরাম খান বিশেষ টেস্ট ক্যাপ পরিয়ে দেবেন মুশফিককে।

অধিনায়ক শান্তর সঙ্গে মুশফিক। ছবি: বিসিবি
বিসিবি প্রেসিডেন্ট ও টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বিশেষ ক্রেস্ট তুলে দেবেন মুশফিককে। এরপর মুশফিকের প্রথম টেস্ট অধিনায়ক হাবিবুল বাশার ও বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অটোগ্রাফ সম্বলিত জার্সি উপহার দেয়া হবে মুশফিককে। জার্সি উপহারের পর মুশফিককে নিয়ে বক্তব্য দেবেন শান্ত, তারপর মুশফিক। গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা।
মুশফিককে সম্মাননা জানানো শেষে ৯টা ২৫ মিনিটে মাঠে প্রবেশ করবেন দুই দলের খেলোয়াড়রা।










