পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার ৪৮৭ রানের জবাবে ২৭১ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। তবে প্রথম ইনিংসে ২১৬ রানের লিড পেয়েও পাকিস্তানকে ফলো-অন করায়নি অজিরা।

 

১০১.৫ ওভার মাঠে থাকা অজিরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ রানে ২ উইকেট হারায়। যদিও সেই ধাক্কা সামলে উঠে ২ উইকেটে ৮৪ রান নিয়ে তৃতীয় দিন মাঠ ছাড়ে প্যাট কামিন্সের দল। স্টিভ স্মিথ ৪৩ ও উসমান খাজা ৩৪ রানে অপরাজিত রয়েছেন। অজিদের লিড এখন ৩০০ রানের।

 

২ উইকেটে ১৩২ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামা পাকিস্তান ১৮১/৩ থেকে দেখতে না দেখতে ২৭১ রানে অলআউট! ইমাম-উল-হক ১৯৯ বলে ৬৬ রান করেন। নাথান লায়ন ৬৬ রানে ৩টি উইকেট নেন। প্রথম ইনিংসে ৫০০ উইকেট শিকারের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৪৯৯ রানে পৌঁছেছেন এই ডানহাতি স্পিনার। পাকিস্তানের শেষ ব্যাটার শাহিন শাহ আফ্রিদিকে শিকার করেন ট্রাভিস হেড। ফলে সব মিলে অষ্টম ও চতুর্থ স্পিনার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলকে পৌঁছতে আরেকটু অপেক্ষায় থাকতে হচ্ছে লায়নকে।

 

দিনের খেলা শেষে অজি পেসার জস হ্যাজেলউড বলেন, ‘আমরা এরই মধ্যে ৩০০ রানের লিড নিয়েছি। কাল (রোববার) যদি অর্ধ দিবসও ব্যাট করতে পারি, তবে তাদের ৪০০ রানের টার্গেট দিতে পারব।’

 

লায়নের মাইলফলক নিয়ে হ্যাজেলউড বলেন, ‘নাথান লায়নের ৫০০ উইকেট উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলাম আমরা। এটি তো খুবই স্পেশাল একটি অর্জন। খুব বেশি অস্ট্রেলিয়ান কিংবা বিশ্বের বোলার সেখানে যেতে পেরেছেন।’

 

লায়নের আগে শেন ওয়ার্ন (৭০৮) ও গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) পাঁচশর গন্ডি পেরিয়েছেন। ৮০০ উইকেট নিয়ে চার্টের এক নম্বরে লংকান স্পিন গ্রেট মুত্তিয়া মুরালিধরণ।