আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলংকায় বসছে আট দলের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। এ আসরের জন্য গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত এপ্রিলে পাকিস্তানে বিশ্বকাপ বাছাইপর্ব খেলার পর বাংলাদেশ নারী দল আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। বাছাই টুর্নামেন্টের দল থেকে তিনটি পরিবর্তন নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপ বাছাইয়ের দলে থাকলেও মূল আসরে খেলা হচ্ছে না দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও ইসমা তানজিমের। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার রুবাইয়া হায়দার, অফস্পিনার নিশিতা আক্তার ও টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার।

অফস্পিনার নিশিতার অভিষেক ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে। ওই সিরিজে তিনি দুই ম্যাচ খেলেন। এবার দীর্ঘ বিরতি। তিনি ফিরেছেন দুই বছর পর। ১৭ বছর বয়সী নিশিতাকে নিয়ে নির্বাচক সাজ্জাদ বলেন, ‘নিশিতা এখনো তরুণী, কিন্তু সে ম্যাচিউরিটি নিয়ে বল করে।’

২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশ দলের। এরপর ৭ অক্টোবর গুয়াহাটিতে ইংল্যান্ড, একই ভেন্যুতে ১০ অক্টোবর নিউজিল্যান্ড, ১৩ অক্টোবর বিশাখাপট্টনমে দক্ষিণ আফ্রিকা, ১৬ অক্টোবর একই ভেন্যুতে অস্ট্রেলিয়া, ২০ অক্টোবর নবি মুম্বাইতে শ্রীলংকা ও ২৬ অক্টোবর একই ভেন্যুতে ভারতের মুখোমুখি হবে নিগার সুলতানার দল।

নারী বিশ্বকাপের বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার, নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তার।