অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ আজ রোববার প্রথম দিন কোর্টে নেমেই পড়েন চ্যালেঞ্জের মুখে। যদিও শেষ পর্যন্ত বিপদ হয়নি। ক্রোয়েশিয়ার ১৮ বছর বয়সী দিনো প্রিজমিককে ৬-২, ৬-৭ (৫/৭), ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে তিনি জায়গা করে নিয়েছেন দ্বিতীয় রাউন্ডে।

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ প্রায় চার ঘণ্টার লড়াই শেষে প্রথম রাউন্ডে হারান কোয়ালিফায়ার দিনোকে।

 

প্রথমবারের মতো গ্র্যান্ডস্লাম খেলতে নামা দিনো ছয়টি ম্যাচ পয়েন্ট বাঁচানোর পর অবশেষে হার মানেন। অন-কোর্ট সাক্ষাৎকারে জোকোভিচ বলেন, ‘সে (দিনো) আমাকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দেয়। অবশ্যই পুরো হাততালি পাওয়ার দাবিদার। দারুণ এক খেলোয়াড় সে, কোর্টে দারুণভাবে নিজেকে মানিয়ে নিয়েছে। এটা তারই সময়। অসাধারণ মানসিকতা আর ধৈর্য্য প্রদর্শন করেছে। ক্যারিয়ারে সে বড় কিছু করবে।’

 

রেকর্ড ২৫তম গ্র্যান্ডস্লামের লক্ষ্যে খেলা জোকোভিচ দ্বিতীয় রাউন্ডে অ্যালেক্সি পপিরিন কিংবা মার্ক পলমানসের বিপক্ষে খেলবেন।

 

জোকোভিচের চেয়ে অপেক্ষাকৃত সহজ জয় পেয়েছেন চতুর্থ বাছাই ইতালির ইয়ান্নিক সিনার। তিনি সরাসরি ৬-৪, ৭-৫, ৬-৩ গেমে হারান ডাচম্যান বোটিচ ফন ডি জ্যান্ডস্কালকে। পঞ্চম বাছাই রাশিয়ার আন্দ্রেই রুবলেভ পাঁচ সেটের লড়াইয়ে ৭-৫, ৬-৪, ৩-৬, ৪-৬, ৭-৬ (১০-৬) গেমে হারান ব্রাজিলের থিয়াগো সেইবোথ ওয়াইল্ডকে।  

 

এদিন পায়ের পাতার ইনজুরির কারণে স্তেফানো সিসিপাসের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নেন সাবেক সেমিফাইনালিস্ট ইতালির ম্যাত্তেও বেরেত্তিনি।

 

আজ মেয়েদের এককে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি, তামারা করপাচ, আমান্দা আনিসিমোভা, মারিয়া সাক্কারি প্রমুখ।