টুর্নামেন্টের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন ও গত দুই আসরের টানা শিরোপাজয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে দুর্দান্ত সূচনা করল ‘দুর্দান্ত ঢাকা’ ফ্র্যাঞ্চাইজি। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দশম বিপিএলের উদ্বোধনী ম্যাচে শরিফুল ইসলামের হ্যাটট্রিকে সামনে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৩ রান তুলতে সমর্থ হয় কুমিল্লা। জবাব দিতে নেমে ৩ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে দুর্দান্ত ঢাকা।

 

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

 

এর আগে প্রথমে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। লিটন দাসের কুমিল্লা শুরুটা ভালো করতে পারেনি। লিটন নিজেই ফিরে যান ব্যক্তিগত ১৬ রান করে। এরপর সাবেক অধিনায়ক ইমরুল কায়েসের ৬৬ ও তাওহীদ হৃদয়ের ৪৭ রানে ভর করে ১৪৩ রানের পুঁজি পায় কুমিল্লা।


 

এই রান তাড়া করতে নেমে ১২.৩ ওভারে বিনা উইকেটে শতরান পেরিয়ে যায় ঢাকা। দলীয় ১০১ রানের সময় মোহাম্মদ নাঈম শেখকে সাজঘরে ফিরিয়ে দলকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার তানভীর ইসলাম। ১৩ ওভারশেষে ঢাকার সংগ্রহ ছিল ১০২/১। নিজের পরের ওভারে লংকান ক্রিকেটার দানুষ্কা গুনাতিলকাকেও আউট করেন তানভীর। এরপর মুস্তাফিজুর রহমান ও খুশদিল শাহ প্রতিপক্ষের আরো তিনটি উইকেটে পতন ঘটান। যদিও ঢাকাকে জয়বঞ্চিত করা যায়নি। ৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই তারা জয় নিশ্চিত করে।    

 

এদিন চতুর্থ বাংলাদেশি হিসেবে বিপিএলে আজ হ্যাটট্রিক করেছেন শরীফুল। ২০১৫ সালের বিপিএলে বরিশাল বুলসের হয়ে সিলেট সুপার স্টারসের বিপক্ষে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন পেসার আল আমিন হোসেন। এরপর ২০১৯ সালে ঢাকা ডিনামাইটসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন স্পিনার আলিস আল ইসলাম। ২০২২ বিপিএলে সিলেট সানরাইজার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। এবার চতুর্থ বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিকের গৌরবে ভাসলেন শরিফুল।

 

বিপিএলে সর্বপ্রথম হ্যাটট্রিক এক বিদেশি ক্রিকেটারের করা। পাকিস্তানের পেসার মোহাম্মদ শামি বিপিএলের প্রথম আসরে দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে হ্যাটট্রিক করেন। এ ছাড়া ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খুলনা টাইটানসের বিপক্ষে হ্যাটট্রিক করেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। একই বছর চিটাগং ভাইকিংসের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের হয়ে হ্যাটট্রিক করেছেন আরেক ওয়েস্ট ইন্ডিজের কৃতী অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

 

আজ হ্যাটট্রিকের কীর্তি গড়লেন বর্তমান বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য পেস বোলার শরিফুলও।